Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৪ জানুয়ারি ২০২৬
০৭:৫৫ অপরাহ্ন

জমির টাকার লোভে বাবা-মাকে জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা

অনলাইন ডেস্ক Attempt to bury parents alive for land money

গোপালগঞ্জের কাশিয়ানীতে জমি বিক্রির টাকা সন্তানদের না দেওয়ায় বাবা-মাকে মারধর করে উঠোনে কবর খুঁড়ে জ্যান্ত চাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে দুই ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়। 

ঘটনাটি ঘটেছে, জেলার কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে।

অভিযুক্তরা হলেন, রাসেল মোল্লা ও রানা মোল্লা। তারা ওই গ্রামের বাসিন্দা সত্তার মোল্লা ও আসমা বেগম দম্পতির সন্তান।

ভুক্তভোগী বাবা সত্তার মোল্লা জানান, জমি বিক্রির টাকা ছেলেদের দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (১১ জানুয়ারি) রাসেল ও রানা তাকে ও তার স্ত্রীকে মারধর করে। একপর্যায়ে উঠোনে কবর খুঁড়ে তাদের জ্যান্ত কবর দেওয়ার চেষ্টা করে।

তাদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে গেলে ওই দম্পতি প্রাণে রক্ষা পান।

প্রতিবেশীরা জানান, সত্তার মোল্লা ও আসমা বেগমের ছয় সন্তান রয়েছে। এর মধ্যে বড় ছেলে রাসেল ও মেঝো ছেলে রানা দীর্ঘদিন ধরে সম্পত্তির লোভে বাবা-মাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিলো।

প্রতিবেশী আক্কাস ভূঁইয়া বলেন, ‘শুনতে পাই ছেলেরা উঠানে কবর খুঁড়ছে বাবা-মাকে জ্যান্ত মাটি দেবে।

গিয়ে দেখি সত্যিই কবর খোঁড়া হয়েছে।’

মা আসমা বেগম বলেন, ‘যে সন্তানদের কষ্ট করে বড় করেছি, তারাই আজ আমাদের খেতে দেয় না। সরকারের দেওয়া একটি ঘরে আমরা থাকি। জমি বিক্রির টাকার জন্য তারা আমাদের মারধর করে জ্যান্ত কবর দিতে চেয়েছিল।’

এ ঘটনায় সোমবার (১২ জানুয়ারি) দুপুরে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ করেন সত্তার মোল্লা।

অভিযোগের ভিত্তিতে পুলিশ রাসেল মোল্লা ও রানা মোল্লাকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগের ভিত্তিতে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news