রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকা থেকে ২০২৪ সালের ৫ই আগস্ট লুণ্ঠিত পুলিশের পোশাক, সরঞ্জামাদি এবং শর্টগানের ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে র্যাব-৫।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা থানাধীন নবগঙ্গা এলাকায় অভিযান চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র্যাব-৫-এর একটি গোয়েন্দা দল জানতে পারে যে, নবগঙ্গা এলাকায় কিছু ব্যক্তি মাদকদ্রব্য কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র্যাবের একটি দল দ্রুত সেখানে অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে র্যাব সদস্যরা স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি কাপড়ের ব্যাগ যায়। ব্যাগগুলো খুলে তার ভেতর থেকে পুলিশের লুণ্ঠিত সরঞ্জাম ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতগুলোর মধ্যে রয়েছে: শর্টগানের তাজা গুলি: ১৩ রাউন্ড, পুলিশের পোশাক: ০২ সেট, বুট: ০২ জোড়া, বেল্ট: ০২ টি, ক্যাপ: ০১ টি, র্যাংক ব্যাজ: ০৬ টি
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত এসব আলামত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডি মূলে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। ৫ই আগস্টের পর থানা থেকে লুণ্ঠিত হওয়া বাকি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব-৫-এর গোয়েন্দা নজরদারি এবং অভিযান অব্যাহত রয়েছে।