রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় যৌথ অভিযানে একটি বাড়ি থেকে গ্রেনেড, ককটেল, গানপাউডার ও বিপুল পরিমাণ বিস্ফোরক তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিন নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শেরেবাংলা সেনা ক্যাম্পের একটি দল ও মোহাম্মদপুর থানা পুলিশের সদস্যরা ঢাকা উদ্যান এলাকার একটি বাড়িতে যৌথ অভিযান চালান। অভিযানে ওই বাড়ি থেকে ২টি লাইট গ্রেনেড, ১১টি ককটেল, ১২৫ গ্রাম গানপাউডার, বোমা তৈরির ৯ কেজি রাসায়নিক দ্রব্য এবং সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় বাড়িটি থেকে মুক্তা আক্তার (২৫), নাজমা আক্তার (৪০) ও কাকলী আক্তারকে (৩১) আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তারা পলাতক সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মাইনউদ্দিন ইসলাম শুভর (৩৩) স্ত্রী ও বোন।
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, মাইনউদ্দিন ইসলাম শুভর বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক নারীরা জানান, শুভ কুখ্যাত সন্ত্রাসী ফয়সাল করিম দাউদের ঘনিষ্ঠ সহযোগী। উল্লেখ্য, ফয়সাল করিম দাউদ আলোচিত ওসমান হাদী হত্যা মামলার মূল আসামি।
সেনাবাহিনীর ওই কর্মকর্তা জানান, অভিযান শেষে আটক তিন নারী এবং উদ্ধারকৃত বিস্ফোরক ও মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।