বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম বলেছেন, নবনির্বাচিত সরকার জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ না করে ভুল পথে পা বাড়াচ্ছে। তিনি বলেন, ‘ছাত্র-জনতার জুলাই বিপ্লব না হলে আপনারা এখনো লন্ডনে থাকতে হতো—এ কথা ভুলে গেলে চলবে না।’
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে নগরের একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সেলিম বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিপক্ষের হামলা ও চাঁদাবাজিসহ নানা নৈরাজ্যের ঘটনা ঘটছে। এসব বিষয় সাহসিকতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি। তাঁর ভাষ্য, সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরলে বিচার নিশ্চিত হবে এবং সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, ‘ফ্যাসিবাদ পরাজিত শক্তি, যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তারা যেন আর কখনো বাংলাদেশের মাটিতে ভিত্তি স্থাপন করতে না পারে—সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।’ দেশপ্রেমিক জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, যে পেশাতেই থাকি না কেন, দেশপ্রেম থাকতে হবে।
রমজান মাসের তাৎপর্য তুলে ধরে তিনি কুরআনের একটি আয়াত উদ্ধৃত করেন এবং বলেন, যে মাসে কুরআন নাজিল হয়েছে, সে মাসই রমজান। রমজানের শিক্ষা বাকি ১১ মাসে বাস্তবায়ন করে পরিপূর্ণ মুসলমান হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান তিনি।
রাজশাহী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাৎ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহাবুবুল আহসান বুলবুল ও সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার।
এ ছাড়া বক্তব্য দেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও রাজশাহী সংবাদের সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহকারী মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো প্রধান ড. সাদিকুল ইসলাম স্বপন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক ও রাজশাহী এডিটরস ফোরামের সেক্রেটারি আহসান হাবিব অপু, রাজশাহী টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ. ম. সাজু, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়ালসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকেরা। মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।