Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৮ ফেব্রুয়ারি ২০২৬
০৪:২৬ অপরাহ্ন

রাজশাহীতে মাস্টারপাড়া কাঁচাবাজারে চাঁদাবাজি ও দখলদারিত্বের প্রতিবাদে মানববন্ধন

ছোটন সরদার Protest against extortion and encroachment at the raw market

রাজশাহীর সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারে অবৈধ দখলদারিত্ব ও চাঁদাবাজির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন সাধারণ ব্যবসায়ীরা। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরের বোয়ালিয়া মডেল থানাধীন মনিচত্বর সোনাদিঘীর মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে প্রায় ২০ থেকে ২৫ জন অংশ নেন। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বাজারে কিছু ব্যক্তি অবৈধভাবে প্রভাব বিস্তার করে চাঁদা দাবি করছে, যা ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বোয়ালিয়া থানা যুব বিভাগের সভাপতি মো. রাশেদুল ইসলাম পারভেজ, সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজারের ব্যবসায়ী মো. আব্দুল জলিল, মো. তুষার ও ফল ব্যবসায়ী মো. সিরাজ উদ্দিনসহ স্থানীয় ব্যবসায়ীরা।

বক্তারা বলেন, সাহেববাজার মাস্টারপাড়া কাঁচাবাজার দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের আস্থার জায়গা। এখানে কোনো ধরনের চাঁদাবাজি প্রতিষ্ঠা পেতে দেওয়া হবে না। তাঁরা বলেন, “আমরা নিয়ম অনুযায়ী সরকারকে কর দিই। কিন্তু কোনো চাঁদাবাজকে চাঁদা দিতে বাধ্য নই।”

মানববন্ধন থেকে বাজারটিকে চাঁদাবাজমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন ব্যবসায়ীরা। তারা দ্রুত প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বোয়ালিয়া মডেল থানার পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news