Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে গ্রামীণ অবকাঠামো প্রকল্পে অর্ধকোটি টাকার গরমিল, হিসাব নেই ১১১ টন চালের

ছোটন সরদার 111 tons of rice

রাজশাহীর বিভিন্ন উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও সংস্কার প্রকল্পে অর্ধকোটি টাকার আর্থিক গরমিলের অভিযোগ উঠেছে। পাশাপাশি ভিজিএফ ও জিআর কর্মসূচির ১১১ মেট্রিক টন চালের হিসাবও মিলছে না। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিরীক্ষা প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে এসেছে। তবে এ বিষয়ে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন জেলা ত্রাণ কর্মকর্তা। আর জেলা প্রশাসক জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তিনি পূর্ণাঙ্গভাবে অবগত নন।

২০২৪–২৫ অর্থবছরের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, রাজশাহীর পবা, চারঘাট, গোদাগাড়ী ও পুঠিয়া উপজেলায় টিআর (টেস্ট রিলিফ) প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম হয়েছে। কিছু ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর ছাড়াই টাকা উত্তোলন করা হয়েছে। মোট ৫৩ লাখ ১৪ হাজার ৯৭৯ টাকার গরমিল ধরা পড়েছে।

এ ছাড়া ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং) ও জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) কর্মসূচির আওতায় বিতরণ করা ১১১ মেট্রিক টন চালের যথাযথ হিসাব পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। কোথাও কোথাও চাল বিতরণের ভাউচার সংরক্ষণ করা হয়নি বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার কোনো মন্তব্য করতে রাজি হননি। গোপন ক্যামেরায় ধারণ করা এক আলাপে তিনি বলেন, ‘এটি সম্পূর্ণ অভ্যন্তরীণ একটি বিষয়। এটি নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে।’

অন্যদিকে রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “পূর্ণাঙ্গ তথ্য না জেনে এ বিষয়ে আমি কিছু বলতে পারছি না। বিষয়টি ভালোভাবে জেনে বুঝে তারপর মন্তব্য করব।”

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে গত ১৬ ফেব্রুয়ারি পাঠানো এক চিঠিতে সংশ্লিষ্টদের ১৫ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে সতর্ক করা হয়েছে।

নিরীক্ষা প্রতিবেদনের এসব তথ্য প্রকাশের পর স্থানীয়ভাবে ত্রাণ বিতরণ ও উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সংশ্লিষ্টদের জবাব ও প্রশাসনের পদক্ষেপের দিকে তাকিয়ে আছেন স্থানীয়রা।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news