
মাদারীপুরের শিবচর উপজেলায় সাড়ে ৩২ কেজি ওজনের একটি কচ্ছপ বিক্রির সময় উদ্ধার করেছে মৎস্য বিভাগ। পরে কচ্ছপটি পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
রোববার (১ মার্চ) দুপুরে শিবচর বরহামগঞ্জ কলেজের পাশে সড়ক থেকে কচ্ছপটি উদ্ধার করা হয়।
জানা গেছে, চাঁদপুরের জেলেদের জালে ধরা পড়া কচ্ছপটি স্থানীয় দুই জেলে শিবচরে নিয়ে আসেন।
শিবচর বাজারে বিক্রির উদ্দেশ্যে আনার পর এটি কলেজ সংলগ্ন সড়কের পাশে রশি দিয়ে বেঁধে রাখা হয়। বিষয়টি জানতে পেরে উপজেলা মৎস্য কর্মকর্তা কচ্ছপটি উদ্ধার করে পদ্মা নদীতে অবমুক্ত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মৎস্য ব্যবসায়ী জানান, কচ্ছপটি চাঁদপুর নদীতে ধরা পড়েছিল। পরে দুই জেলে এটি কিনে শিবচরে নিয়ে আসে এবং ক্রেতাদের কাছে ১৫ টাকায় বিক্রি করতে চেয়েছিল।
খবর পেয়ে মৎস্য কর্মকর্তারা কচ্ছপটি উদ্ধার করেন।
শিবচর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার বলেন, কলেজের রাস্তার পাশে অজ্ঞাত কেউ কচ্ছপটি রশি দিয়ে বেঁধে রেখেছিল। আমাদের জানানো হলে আমরা গিয়ে কচ্ছপটি উদ্ধার করে কাঁঠালবাড়ি এলাকায় পদ্মা নদীতে অবমুক্ত করি। এ ঘটনায় জড়িত কারও পরিচয় জানা যায়নি।
উদ্ধার কচ্ছপটির ওজন ৩২ কেজি ৫০০ গ্রাম এবং এটি একটি সামুদ্রিক কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে।