রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও হল সংসদগুলোর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ মার্চ) বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজক সূত্রে জানা যায়, ইফতার মাহফিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল সংসদের প্রতিনিধিসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী অংশ নেন। উপস্থিতির সংখ্যা ছিল প্রায় ১২ থেকে ১৩ হাজার।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার ও সহসাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির। এ ছাড়া সতেরোটি আবাসিক হল সংসদের প্রতিনিধিরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য ও প্রো-উপাচার্য ইফতারের আগে সরেজমিনে পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। আয়োজকরা জানান, প্রশাসন সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।
ইফতার মাহফিলে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়।