Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে জমি নিয়ে বিরোধে হামলা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুর

ছোটন সরদার Cocktail explosion and vandalism

রাজশাহী নগরের রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ককটেল সদৃশ বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসরাফিল হক (৪৫) নামের একজন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন।

আহত ইসরাফিল হক বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল)-এর সিনিয়র সহকারী পরিচালক। তাঁর বাড়ি রাজশাহী মহানগরের রাজপাড়া থানার ৫ নম্বর ওয়ার্ডের মহিষবাথান এলাকায়। অপর পক্ষের মোহন নামের একজন স্থানীয় ব্যবসায়ী, যিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে এলাকাবাসী জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষবাথান এলাকায় ইসরাফিল হক তাঁর ক্রয়কৃত জমিতে পাঁচতলা ভবন নির্মাণ করছেন। পাশেই মোহনের একটি ফাঁকা জমি রয়েছে। ভবন নির্মাণের সময় মোহন দুই ফুট জায়গা ফাঁকা রেখে বাড়ি নির্মাণের দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

রোববার (৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতা উভয় পক্ষকে নিয়ে বিরোধ মীমাংসার চেষ্টা করেন। তবে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় উভয় পক্ষ সেখান থেকে চলে যান।

পরে রাত পৌনে আটটার দিকে একই এলাকার মহিষবাথান এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় মোহন ও তাঁর লোকজন ধারালো অস্ত্র দিয়ে ইসরাফিল হকের ওপর হামলা চালান। এতে তাঁর বাম হাতের কনুইয়ের নিচে গুরুতর জখম হয়।

পরে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এরপর রাত সাড়ে ১০টার দিকে মোহনের বাড়ির সামনে কে বা কারা কয়েকটি ককটেল সদৃশ বস্তু বিস্ফোরণ ঘটায় এবং বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে রাজপাড়া থানার পুলিশ জানায়, ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news