Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০৯ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

ছোটন সরদার Inauguration of the newly constructed library building

দেড় শতাব্দীর ঐতিহ্য বহনকারী রাজশাহী সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর মিয়াপাড়া এলাকায় গ্রন্থাগারের নিজস্ব নতুন ভবনের উদ্বোধন করেন গ্রন্থাগারের সভাপতি ও রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, রাজশাহী সাধারণ গ্রন্থাগার এ অঞ্চলের শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার একটি গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নতুন ভবনের মাধ্যমে গ্রন্থাগারের কার্যক্রম আরও গতিশীল হবে এবং নতুন প্রজন্ম বইপাঠে আগ্রহী হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঐতিহাসিক সূত্রে জানা যায়, রাজশাহী অঞ্চলে জ্ঞানচর্চার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান এই রাজশাহী সাধারণ গ্রন্থাগার। ১৮৭৬ সালে প্রকাশিত স্ট্যাটিস্টিক্যাল অ্যাকাউন্ট গ্রন্থে ব্রিটিশ ঐতিহাসিক উইলিয়াম হান্টার উল্লেখ করেন, নাটোর রাজ পরিবারের রাজা আনন্দ নাথ রায় ১৮৬৬ সালেরও আগে এই গ্রন্থাগার প্রতিষ্ঠা করেন। পরে ১৮৮৪ সালে জমি ও ভবন পাওয়ার মাধ্যমে গ্রন্থাগারটি পূর্ণাঙ্গ রূপ লাভ করে।

হান্টারের তথ্য অনুযায়ী, ১৮৭১-৭২ সালে গ্রন্থাগারটিতে বইয়ের সংখ্যা ছিল ৩ হাজার ২৪৭টি এবং ছয়টি সাময়িকী নিয়মিত সংগ্রহ করা হতো। সে সময় অবিভক্ত বাংলা সরকারের বিভিন্ন সরকারি প্রকাশনা বিনা মূল্যে গ্রন্থাগারে সরবরাহ করা হতো, যা এর সংগ্রহ সমৃদ্ধ করতে ভূমিকা রাখে।

রাজশাহী সাধারণ গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গোলাম মাওলা বলেন, বর্তমানে গ্রন্থাগারটিতে প্রায় ৩৪ হাজার বই রয়েছে। দীর্ঘদিন ধরে রাজশাহীর শিক্ষার্থী, গবেষক ও সাধারণ পাঠকদের কাছে এটি জ্ঞানচর্চার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। নতুন ভবনের মাধ্যমে পাঠকদের জন্য আধুনিক পরিবেশে বই পড়া ও গবেষণার সুযোগ আরও বাড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও গ্রন্থাগারের সহসভাপতি টুকটুক তালুকদার। আরও উপস্থিত ছিলেন হোমিওপ্যাথিক কলেজের অধ্যক্ষ ও গ্রন্থাগারের কোষাধ্যক্ষ ডা. মো. আনিসুর রহমান, শাহ মখদুম কলেজের অধ্যক্ষ এস এম রেজাউল ইসলাম, ব্যবসায়ী হাসেন আলী, সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, সেভ দ্য নেচার অ্যান্ড লাইফের চেয়ারম্যান মিজানুর রহমান, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা এবং গ্রন্থাগারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news