Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৬ মার্চ ২০২৬
০৬:২৫ অপরাহ্ন

রাজশাহী সীমান্তে বিজিবির ভারতীয় প্রসাধনী উদ্ধার

রাজশাহী প্রতিনিধি: BGB recovers Indian cosmetics

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এক সফল অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী ও চকলেট জব্দ করেছে।

সোমবার (১৬ মার্চ) ভোরে জেলার কাটাখালী থানার খয়ের বাগান এলাকায় এই অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর একটি চৌকস আভিযানিক দল জানতে পারে যে, খয়ের বাগান এলাকা দিয়ে ভারতীয় মালামালের একটি বড় চালান পাচার হবে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ওই এলাকায় ওত পেতে থাকেন। ভোর আনুমানিক ৪টার দিকে পাঁচজন চোরাকারবারিকে বস্তা মাথায় নিয়ে নদীর পাড়ে নৌকায় উঠতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাঁদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারিরা মালামালের বস্তাগুলো ফেলে রেখে দ্রুত নৌকাযোগে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ওই বস্তাগুলো তল্লাশি করে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে-৮ বক্স কিট ক্যাট চকলেট, বিভিন্ন আকারের ৯০০ পিস পন্ডস ফেসওয়াশ, ৩৫০ পিস গার্নিয়ার ফেসওয়াশ, ১৫ পিস শাওয়ার জেল, ১০০ পিস স্কিন ক্রিম, ১৫০ পিস সাবান, ৭০ পিস গ্লো অ্যান্ড লাভলী ক্রিম এবং ১ হাজার ১০০ পিসের বেশি বিভিন্ন ব্র্যান্ডের শ্যাম্পু। এ ছাড়াও ১৪৯ পট ইঁদুর মারার বিষ জব্দ করা হয়েছে।

রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানিয়েছে, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে চোরাচালান রোধে কঠোর গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জব্দকৃত মালিকবিহীন এসব চোরাচালানি মালামালের বিষয়ে যথাযথ আইনী  প্রক্রিয়া চলছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news