Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১৮ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

রাজশাহীতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু

রাজশাহী প্রতিনিধি:- Tragic death of uncle and nephew

রাজশাহীর পুঠিয়া উপজেলায় মোটরসাইকেলে থাকা চাচা-ভাতিজাকে পিষে দিয়েছে বালুবাহী একটি ট্রাক। ভয়াবহ এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ)দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়কের পুঠিয়ার বানেশ্বর কলাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।

নিহতরা হলেন—রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামের কাউসার ইমাম (৩৫) ও তার ভাতিজা মো. রেদোয়ান (৬)। জানা গেছে, তারা চারঘাট থেকে পুঠিয়ার শিবপুরে আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।

পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর ট্রাকের চাকা দুজনের মাথার ওপর দিয়ে চলে যায়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন দেয়। তবে মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news