Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১৮ মার্চ ২০২৬
০৮:৩৩ অপরাহ্ন

এক টাকার ঈদ বাজার পেয়ে খুশি ২৫০ অসচ্ছল পরিবার

অনলাইন ডেস্ক 250 indigent families

ঈদের আনন্দ সবার জন্য সমানভাবে এ বার্তা পৌঁছে দিতে গাইবান্ধায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন “আমাদের গাইবান্ধা”। সংগঠনটির মাত্র ১ টাকার বিনিময়ে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে খুশি নিম্নআয়ের মানুষ।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আয়োজিত ‘১ টাকার বাজার’-এর মাধ্যমে এ বছর ২৫০টি অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। প্রতিটি পরিবার এক টাকা মূল্যে একটি পূর্ণাঙ্গ খাদ্য প্যাকেজ পাচ্ছেন, যাতে রয়েছে মুরগি, চাল, তেল, ডাল, চিনি, সেমাই, দুধসহ মোট ১৮ ধরনের প্রয়োজনীয় পণ্য।

বুধবার (১৮ মার্চ) বিকেলে শহরের স্বাধীনতার রজত জয়ন্তী বালিকা বিদ্যালয় মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছিন্নমূল মহিলা সমিতির প্রধান নির্বাহী মুরশিদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক মুর্তজা বাণু ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সংগঠনের উপদেষ্টারা উপস্থিত ছিলেন।

আয়োজকদের মতে, এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু সহায়তা প্রদান নয়, বরং সুবিধাবঞ্চিত মানুষকে সম্মান বজায় রেখে সহায়তা দেওয়া। তারা চান, সাহায্যপ্রাপ্তরা যেন নিজেদের দানগ্রহীতা নয়, বরং একজন ক্রেতা হিসেবে অনুভব করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০১৪ সাল থেকে তারা নানা মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। খাদ্য সহায়তা ছাড়াও মাদকবিরোধী সচেতনতা, সামাজিক নিরাপত্তা ও দুর্যোগকালীন সহযোগিতায় সক্রিয় রয়েছে সংগঠনটি।

স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে সহায়ক হচ্ছে। ভবিষ্যতে এই কার্যক্রম আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশাই করছেন আয়োজক ও এলাকাবাসী।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news