Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২৪ মার্চ ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

এক-এগারোর সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

বিজয়বাংলা নিউজ ডেস্ক :- Masud Uddin Chowdhury

এক-এগারোর সময়ের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।

সোমবার দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়।

মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

তিনি বলেন, তার নেতৃত্বে একটি দল বারিধারা ডিওএইচএসের ২ নম্বর লেনের ১৫৩ নম্বর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা গেছে, হত্যা মামলার আসামি হিসেবে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে।

২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসন থেকে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

এর আগে তিনি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করলেও পরবর্তীতে দল পরিবর্তন করে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে নির্বাচন করেন এবং জয়ী হন। নির্বাচনের আগেই তিনি দলটির সভাপতিমণ্ডলীর সদস্য হন।

এক-এগারোর সময় আলোচিত এই সাবেক সেনা কর্মকর্তা পরে গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন। ওই সময় দুর্নীতিবিরোধী বিভিন্ন অভিযান পরিচালিত হয়।

২০০৮ সালের ডিসেম্বরে নবম জাতীয় সংসদ নির্বাচনের পর তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে তার মেয়াদ কয়েক দফা বাড়ানো হয়। সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি জনশক্তি রপ্তানিসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news