রাজশাহী মহানগরীতে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিতে গিয়ে বোয়ালিয়া থানার সামনে আসামিপক্ষের লোকজন সাময়িক হট্টগোল সৃষ্টি করে।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে মো. মাহদীন ইসলাম যায়েদ (১৬), তার ভাই মোহাম্মদ আলী রাফি (১৭) ও তাদের চাচা আলী এহসান সিয়াম (১৭) সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় স্ট্রিট ফুড খেতে যান। এ সময় ৬-৭ জন ব্যক্তি তাদের দিকে সন্দেহজনকভাবে তাকিয়ে থাকে। পরে তারা সেখান থেকে সরে গিয়ে অটোরিকশাযোগে বাসায় ফেরার চেষ্টা করলে অভিযুক্তরা তাদের পথরোধ করে মারধর করে এবং ১০ হাজার টাকা চাঁদা দাবি করে।
চাহিদামতো টাকা না দেওয়ায় তিনজনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে কৌশলে পালিয়ে গিয়ে মাহদীন ইসলাম যায়েদ বিষয়টি বোয়ালিয়া থানায় জানালে পুলিশ অভিযান চালায়।
পুলিশ জানায়, রাত প্রায় ১২টা ২০ মিনিটে নগরীর কুমারপাড়া এলাকায় আড়ংয়ের সামনে থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—অমিত দাস (২২), মো. সানি (২২), মো. আসিফ (২৩) ও মো. ইমাম হোসেন (২১)। এ ঘটনায় জড়িত আরও একজন, মো. রনি (২২), পলাতক রয়েছেন।
এদিকে গ্রেপ্তার ব্যক্তিদের ছাড়িয়ে নিতে মঙ্গলবার দুপুরে আসামিপক্ষের লোকজন বোয়ালিয়া থানার সামনে জড়ো হয়ে হট্টগোল সৃষ্টি করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে পুলিশ বিকেল সাড়ে ৩টার দিকে গ্রেপ্তার চারজনকে আদালতে পাঠায়।
এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি মামলা (নং-১৭, তারিখ ২৪ মার্চ ২০২৬) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।