Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ এপ্রিল ২০২৬
১২:৩৯ অপরাহ্ন

কুষ্টিয়ায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক: Measles symptoms in Kushtia

১৮ ঘণ্টার ব্যবধানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। 


এর মধ্যে শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে আট মাস বয়সী ইব্রাহিম নামে এক শিশুর মৃত্যু হয়। একইদিন দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আইজা নামের পাঁচ মাস ২০ দিন বয়সী আরও এক শিশুটির মৃত্যু হয়। 


ইব্রাহিম কুষ্টিয়া দৌলতপুর উপজেলার চঞ্চল হোসেনের ছেলে। সে শুক্রবার বিকেলে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিল। এ ছাড়া, আইজা কুষ্টিয়া শহরের রেনউইক এলাকার মমিনুর রহমানের মেয়ে। সে গত চার দিন ধরে চিকিৎসাধীন ছিল।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হোসেন ইমাম বলেন, শুক্রবার দুপুর সাড়ে ৩টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয় ইব্রাহিম নামের শিশুটি। সে হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়।


কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, গত ৩০ মার্চ সোমবার আইজা নামের শিশুটি হাম ও নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। এ নিয়ে জেলায় চারজন শিশুর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হলো।


এর আগে,  শুক্রবার ভোর সাড়ে ৫টায় হামে আক্রান্ত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আফরান নামে আট মাস বয়সী এক শিশু মারা যায়। 


স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন ২০ জন রোগী হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় ৩২০ জন রোগীর হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ২৩০ জন ভর্তি রয়েছে। এর মধ্যে চারজন শিশুর মৃত্যু হয়েছে। ৫-৬ জন শিশুর অবস্থা রয়েছে আশংকাজনক।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news