Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৪ এপ্রিল ২০২৬
০৩:৫৩ অপরাহ্ন

মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানো ছাড়া আর কোনো আয়োজন ছিল না : সাফজয়ী অধিনায়ক

অনলাইন ডেস্ক

টানা দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব ২০ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ট্রফি জিতল বাংলাদেশ। এর আগে সাফ ফুটবলের এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশ শিরোপা জিতেছিল ২০২৪ সালে। সেবার চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন আশরাফুল হক আসিফ। 

তার নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০ জাতীয় ফুটবল দল প্রথমবারের মতো সাফ শিরোপা ঘরে তোলে। ফাইনালে স্বাগতিক নেপালকে হারিয়ে ইতিহাস গড়ে দলটি।

এবার যুবাদের শিরোপা জয়ের পর উত্তরসূরীদের অভিনন্দন জানালেও কিছুটা আক্ষেপই জানালেন আসিফ। তথ্য বিভ্রাট নিয়ে তিনি বললেন, অনেক সাংবাদিক ভাইয়েরা এবং অনেক কর্মকর্তারা দেখলাম বলছে বাংলাদেশ অনূর্ধ-২০ দল নাকি প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে। তারা হয়তো জানে না লাস্ট ২০২৪ সালের সাফ অনুর্ধ-২০ টুর্নামেন্টেও আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। 

এরপরই আক্ষেপ নিয়ে বললেন, আর জানবেই বা কি করে, প্রথম বারের মতো অনুর্ধ-২০ দল (আমরা) যখন চ্যাম্পিয়ন হই তখন মুরগির মাংস দিয়ে ভাত খাওয়ানো ছাড়া আর আয়োজন ছিলো না আমাদের জন্য। এবার আশা করবো আমাদের সাথে যেটা হয়েছিলো আমাদের ছোট ভাইদের সাথে সেটা যেনো না করে, তাদের প্রাপ্য সম্মান যেনো তারা পায়। আর আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা ইতিহাস ভুলে যাইয়েন না।

প্রসঙ্গত, গতকাল সাফ অ-২০ টুর্নামেন্টে ভারতকে হারিয়ে শিরোপা ধরে রেখেছে বাংলাদেশ। মালদ্বীপের মালেতে অনুষ্ঠিত ফাইনাল নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলে ভারতকে হারায় বাংলাদেশের যুবারা। শ্বাসরুদ্ধকর টাইব্রেকারের পঞ্চম শটে আমেরিকান প্রবাসী রোনান সুলিভানের গোলে বাংলাদেশের শিরোপা নিশ্চিত হয়।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news