
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষাবর্ষ ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক কোর্সে ৪র্থ ধাপে ভর্তি সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এ বিজ্ঞপ্তিতে ভর্তির নির্দেশনার পাশাপাশি ওরিয়েন্টেশন এবং বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে সম্ভাব্য তারিখ হিসেবে ওরিয়েন্টেশন ৯মে এবং ক্লাস শুরু ১০মে থেকে হবে বলে উল্লেখ করা হয়েছে।
জানা যায়, তিন ধাপে মেধা তালিকার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শেষে প্রায় ৯২শতাংশ আসন পূরণ হয়ে গেছে। তবে বাকি আসন গুলো পূরণের লক্ষ্যে গত ৭এপ্রিল ৪র্থ ধাপে প্রকাশিত এ বিজ্ঞপ্তিতে ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র, স্বাস্থ্য পরীক্ষা, ফি প্রদান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনা উল্লেখ করে নির্ধারিত সময়ে উপস্থিত হতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেধা তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের ৪র্থ ধাপে ভর্তি হতে অনলাইন আবেদন সম্পন্ন করে ২১এপ্রিল সকাল ১০টায় রুয়েট গেস্ট হাউজে সরাসরি উপস্থিত হতে হবে। সেখানে ভর্তি কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই, স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং নির্ধারিত ফি জমা দিতে হবে। স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত মেডিকেল বোর্ডের সামনে উপস্থিত হয়ে প্রয়োজনীয় শারীরিক সক্ষমতা যাচাই করা হবে। বিশেষ করে রক্ত পরীক্ষা ও অন্যান্য মৌলিক স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়েছে। তবে কোনো প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য বিবেচিত হলে তার ভর্তি বাতিল করা হতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি প্রক্রিয়ার সময় প্রার্থীদের অবশ্যই প্রয়োজনীয় সনদপত্র, নম্বরপত্র, প্রবেশপত্র, রেজিস্ট্রেশন কার্ডসহ সকল প্রাসঙ্গিক কাগজপত্র সঙ্গে আনতে হবে। ভর্তির সময় নির্ধারিত ফি জমা দিতে হবে এবং তা কোনো অবস্থাতেই ফেরতযোগ্য নয়।
এছাড়াও প্রার্থীদের বিভাগ নির্বাচন, কোটা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য শর্তাবলি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। ভর্তি সংক্রান্ত সকল তথ্য ও হালনাগাদ তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট (https://admission.ruet.ac.bd) থেকে জানা যাবে।
ভর্তি প্রক্রিয়ার অংশ হিসেবে 'অটো মাইগ্রেশন' (Auto Migration) সুবিধাও চালু রাখা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের ড্যাশবোর্ড থেকে অটো মাইগ্রেশন চালু বা বন্ধ করতে পারবেন। এর মাধ্যমে আসন খালি থাকা সাপেক্ষে প্রার্থীরা উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রার্থীকে নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে।