জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেল প্রায় ৫টার দিকে ভূমিকম্পটি সংঘটিত হয়।
আর এ ভূমিকম্পের পর ১০ ফুটের চেয়েও উঁচু সুনামির সতর্কতা দেওয়া হয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের উপকূলীয় এলাকার সাধারণ মানুষকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উঁচু স্থানে থাকতে বলেছে।
সুনামির প্রথম ঢেউ অল্প সময়ের মধ্য আঘাত হানতে পারে বলেও সতর্কতা দিয়েছে সংস্থাটি।
সতর্কতা প্রত্যাহার না করা পর্যন্ত নিরাপদে থাকার আহ্বান জানিয়ে তারা বলেছে, “উপকূলীয় এবং নদী তীরবর্তী এলাকাগুলো থেকে দ্রুত নিরাপদ স্থানে সরে যান, যেমন—কোনো উঁচু ভূমি অথবা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন। সুনামির ঢেউ বারবার আঘাত হানার সম্ভাবনা রয়েছে। যতক্ষণ পর্যন্ত সতর্কবার্তা প্রত্যাহার করা না হচ্ছে, ততক্ষণ নিরাপদ স্থান ছেড়ে যাবেন না।”
স্থানীয় সময় ৪টা ৫৩ মিনিটে দেশটির উত্তরাঞ্চলের সানকিরু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এটি সমুদ্রের তলদেশের ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ভূমিকম্পটি এতটাই শক্তিশালী যে এটি কয়েকশ কিলোমিটার দূরে রাজধানী টোকিওতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কারণে সেখানকার ওনাগাওয়া পারমাণবিক প্ল্যান্টে কোনো অস্বাভাবিকতা পরিলক্ষিত হচ্ছে কি না সেটি পরীক্ষা করা হচ্ছে।
যেসব অঞ্চলে সুনামির সতর্কতা দেওয়া হয়েছে
দেশটির আবহাওয়া সংস্থা উত্তরাঞ্চলের বিস্তৃত অঞ্চলজুড়ে সুনামির সতর্কতা দিয়েছে। যারমধ্যে বিশেষভাবে হোকাইদো এবং ইওয়াতে জেলার কিছু অংশকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সূত্র: এএফপি