
কাপ্তাই হ্রদে মাছ আহরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি জেলা প্রশাসন। আগামী ২৪ এপ্রিল দিবাগত রাত ১২টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সব ধরনের মৎস আহরণ, পরিবহন ও বাজারজাতকরণ বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় কাপ্তাই হ্রদে মাছের নিরাপদ বংশবৃদ্ধি, প্রজনন, ও স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, নিষেধাজ্ঞার বিষয়টি প্রচারের জন্য নৌ ও সড়কপথে মাকিং করা হবে, যাতে করে সবাই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারেন। পাশাপাশি অবৈধ মাছ আহরণ রোধে কাপ্তাই হ্রদে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখা হবে।
জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, চলিত মৌসুমে কাপ্তাই হ্রদে মাছের সুষ্ঠু প্রজনন, বংশবৃদ্ধি ও বিকাশের স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে কাপ্তাই হ্রদের ওপর নির্ভরশীল কার্ডধারী জেলেদের ভিজিএফ কার্ডের মাধ্যমে চাল বিতরণ করা হবে।
সভায় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইশতিয়াক হায়দার, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এর কমান্ডার মো. ফয়েজ আল করিম, চট্টগ্রাম অঞ্চলের সহকারী নৌপুলিশ সুপার আবু মো. দিলওয়ার হাসান ইনাম, রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন চৌধুরী, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ জেলে ও মৎস্যজীবী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।