
চাঁপাইনবাবগঞ্জ শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে চিত্রাংকন প্রতিযোগিতা। বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ বইমেলার অংশ হিসেবে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় অংশ নেয় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার শিক্ষার্থীরাও।
প্রতিযোগিতায় ছিল ৪ টি ক্যাটাগরি। কেজি, নার্সারি ও প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের চিত্রাংকনের বিষয় ছিল যেমন খুশি। দ্বিতীয় থেকে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের চিত্রাংকনের বিষয় ছিল গ্রামীণ দৃশ্য। পঞ্চম থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে শরৎকাল বিষয়ে এবং অষ্টম থেকে উন্মুক্ত বয়সের বিষয় ছিল চাঁপাইনবাবগঞ্জ জেলার ইতিহাস-ঐতিহ্য।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ মেলার আয়োজন করে বিশ্বসাহিত্য কেন্দ্র। স্থানীয়ভাবে সহযোগিতা করে জেলা প্রশাসন।
ভ্রাম্যমান বইমেলার সংগঠক আবু নাঈম জানান, ভ্রাম্যমাণ বইমেলার একটি অংশ চিত্রাংকন প্রতিযোগিতা। এতে চারটি ক্যাটাগরিতে অংশ নিয়েছে ২৬ জন। প্রতিযোগিতার বিজয়ীদের আগামীকাল অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে।