Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ২১ এপ্রিল ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

শেরপুর সীমান্তে বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর করলো বিএসএফ

অনলাইন ডেস্ক BSF hands over body of youth

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে কারাভোগের সময় অসুস্থ হয়ে মারা যাওয়া বাংলাদেশি যুবক মো. শিপন হাওলাদারের (৩৫) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নাকুগাঁও স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহটি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়।

হস্তান্তরের সময় বিএসএফের পক্ষ থেকে মেঘালয়ের কেল্লাপাল্লা ক্যাম্পের পরিদর্শক খেমা রাম উপস্থিত ছিলেন। বিজিবির পক্ষে হাতিপাগার ক্যাম্পের ইনচার্জ সুবেদার ফুল মিয়া সরকার, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত শিপন হাওলাদার বরিশালের বরগুনা জেলার সদর উপজেলার নাপিতখালী গ্রামের মৃত সফেজ হাওলাদারের ছেলে। জীবিকার তাগিদে তিনি ঢাকায় রড মিস্ত্রির কাজ করতেন।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ১৯ মাস আগে শিপন অবৈধভাবে সীমান্ত দিয়ে ভারতের মেঘালয় রাজ্যে প্রবেশ করেন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে আদালত তাকে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাদণ্ড দিয়ে মেঘালয়ের তুরা জেলা কারাগারে পাঠায়। তার সাজা শেষে আগামী ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে তার আগেই গত ১৬ এপ্রিল কারাগারের ভেতরে অসুস্থ হয়ে পড়েন শিপন। সে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত তুরা সিভিল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট ভাই রিপন হাওলাদার ঢাকা পোস্টকে বলেন, আমার ভাই ঢাকায় রড মিস্ত্রির কাজ করতেন। পরে জানতে পারি মেঘালয় দিয়ে ভারতে গেছেন। উকিলের মাধ্যমে তার সঙ্গে যোগাযোগ করি। জানি তিনি ২০২৪ সালের ৩ অক্টোবর থেকে তুরা জেলে আছেন। তাকে ছাড়িয়ে আনার জন্য উকিলের সঙ্গে কথা বলে টাকা পাঠাই। ২৮ এপ্রিল তার মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু হঠাৎ করে তার মৃত্যু হলো।

তিনি আরও বলেন, আজ মরদেহ দেশে আসছে। তার স্ত্রী ও একটি সন্তান রয়েছে। তার উপার্জনের ওপরই সংসার চলতো। এখন পরিবারটি চরম অনিশ্চয়তায় পড়ে গেল।

বিজিবি হাতিপাগার ক্যাম্পের কমান্ডার সুবেদার ফুল মিয়া সরকার বলেন, বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করেছে। পরে পুলিশি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, শিপন অনেক দিন আগে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। সেখানে কারাভোগের সময় তার মৃত্যু হয়। আজ (মঙ্গলবার) মরদেহ হস্তান্তরের পর ইমিগ্রেশন-সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করে তার ভাইয়ের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news