Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২২ এপ্রিল ২০২৬
১২:০০ অপরাহ্ন

পদ্মায় পুলিশের ওপর সন্ত্রাসী হামলা , ওসিসহ ৫ সদস্য আহত

অনলাইন ডেস্ক Terrorist attack on police in Padma

পদ্মা নদীতে টহল ডিউটির সময় পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুণ্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যদের ওপর সন্ত্রাসীরা হামলা করেছে। এতে ওই ফাঁড়ির ইনচার্জসহ (ওসি) পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টা থেকে ২টার মধ্যে পাবনার সীমানাঘেঁষা কুষ্টিয়া জেলার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিয়মিত টহল ডিউটি পালনকালে লক্ষ্মীকুণ্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মা নদীর কুষ্টিয়া অংশের হরিপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা অতর্কিত গুলি চালায়। এ সময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ পাঁচ জন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন।

আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে আহত সবাই চিকিৎসাধীন রয়েছেন।

আহতরা হলেন- নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম, পুলিশ সদস্য ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান এবং মানিক মিয়া।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।

পাবনার পুলিশ সুপার আনোয়ার জাহিদ বলেন, ‘বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। যারা এই ঘটনায় জড়িত, দ্রুত তাদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।’

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news