Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ২৩ এপ্রিল ২০২৬ | ০১:৫৯ অপরাহ্ন

জাইমা রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, কলেজছাত্র গ্রেপ্তার

অনলাইন ডেস্ক ২৩ এপ্রিল ২০২৬

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে শাকিল আহমেদ (২২) নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) বিকালে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এঘটনায় বুধবার রাতে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সম্রাট বাদী হয়ে সাইবার সুরক্ষা আইনে দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে তোলার কথা রয়েছে।

শাকিল ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বুলবুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের সমাজ বিজ্ঞান বিষয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) শাকিল আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে নিজের ছবির সঙ্গে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানকে নিয়ে একটি বিতর্কিত পোস্ট করেন। ছবিটির পাশে লিখেন ‘তারেক কাকু সব কার্ড ছাপিয়ে দিল খালি আমাদের বিয়ের কার্ড দিলো না। ১. পরিবার কার্ড ২. তেল কার্ড ৩. খেলাধুলা কার্ড আরও কিছু কার্ড রেডি’। পরে পোস্টের স্ক্রিনশট দ্রুতই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

‎এদিকে, পোস্টটি নজরে আসার পর স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে দেবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুকসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ভাউলাগঞ্জ বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেপ্তার করে।

‎দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে উত্তেজনা দেখা দেয়। অভিযুক্তের ফেসবুক প্রোফাইল পর্যালোচনায় বিতর্কিত পোস্টের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের হয়েছে।

--সংগৃহীত ছবি