কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে একটি মিনি ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ইউনিয়নের কানজরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম মো. জিসান (২২)। তিনি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাইনজুড়ি গ্রামের ইউসুফের ছেলে। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামের চন্দনাইশ থেকে টেকনাফ হ্নীলা অভিমুখে যাওয়া একটি মিনি ট্রাক কানজরপাড়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক জিসান ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন। মিনি ট্রাকটিতে বিয়ে অনুষ্ঠানের সাজসজ্জার সরঞ্জাম ছিলো।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান।
বিজয়বাংলা নিউজকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর হাফিজ আহমদ ফোনালাপে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত গাড়ি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত একজনই, আহতরা চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।