Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
২৫ এপ্রিল ২০২৬
০৪:৩০ অপরাহ্ন

ক্যান্টিনে খাবারে ভেজাল দেওয়ার অভিযোগে কর্মচারী আটক

রুয়েট প্রতিনিধি Employee arrested for adulterating food in canteen

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাসে অবস্থিত ‘বাংলা টিফিন’ ক্যান্টিনে খাবারে ভেজাল মেশানোর অভিযোগে এক কর্মচারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে আব্দুর রাজ্জাক নামের এক কর্মচারী প্রস্তুতকৃত খিচুড়িতে অতিরিক্ত লবণ মেশানোর সময় সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েন। বিষয়টি নজরে আসার পর ক্যান্টিন কর্তৃপক্ষ তাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জানান, “অভিযোগের প্রেক্ষিতে আমরা অভিযুক্তকে হেফাজতে নিয়েছি। অধিকতর তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বাংলা টিফিনের কর্ণধার মোর্শেদ বলেন, “আমরা দীর্ঘদিন ধরে কাজলা শাখায় সুনামের সঙ্গে সেবা দিয়ে আসছি। তবে রুয়েট শাখায় খাবারে মাছি পাওয়া, স্বাদের অসঙ্গতি সহ বিভিন্ন সমস্যার কারণে আমাদের সেবার মান নিয়ে প্রশ্ন উঠছিল। এসব সমস্যা সমাধানে নজরদারি বাড়ানোর পর আজকের ঘটনাটি ধরা পড়ে। আমরা ধারণা করছি, আমাদের সুনাম ক্ষুণ্ন করতে পরিকল্পিতভাবে এই কাজটি করা হয়েছে।”

খোঁজ নিয়ে জানা গেছে, অভিযুক্ত আব্দুর রাজ্জাক রুয়েট সংলগ্ন একটি রেস্তোরাঁর শেয়ারহোল্ডার। এ ঘটনায় তৃতীয় কোনো পক্ষ জড়িত থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, রুয়েটে ‘বাংলা টিফিন’ ক্যান্টিন চালুর পর থেকেই স্বাস্থ্যবিধি ও খাবারের মান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে নানা অভিযোগ ও বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছিল।

আটক ব্যক্তিকে মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news