Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Thursday , ৩০ এপ্রিল ২০২৬ | ০২:৫২ অপরাহ্ন

এসি বাসে ইমার্জেন্সি ডোর, নন-এসির রড অপসারণের নির্দেশ

অনলাইন ডেস্ক ৩০ এপ্রিল ২০২৬

গণপরিবহন দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এসি বাসে জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) পথ নিশ্চিত করা এবং নন-এসি বাসের জানালায় বসানো স্টেইনলেস স্টিলের রড অপসারণের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। 

দুর্ঘটনার সময় দ্রুত বের হতে না পারাই হতাহতের প্রধান কারণ হয়ে দাঁড়ায়। তাই যাত্রীদের নিরাপদে বাস থেকে দ্রুত বের হওয়ার পথ তৈরি করতে সংস্থাটির পক্ষ থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা না মেনে চললে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

বিআরটিএর প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়। 

এতে বলা হয়েছে, ‘সড়ক ও মহাসড়কে চলাচল, ফেরিঘাট পারাপার কিংবা রেলক্রসিং অতিক্রমের সময় দুর্ঘটনায় পড়লে যাত্রীদের দ্রুত বের হতে না পারায় প্রাণহানির ঘটনা ঘটছে। বিশেষ করে বাসের দরজা ও জানালা দিয়ে তাৎক্ষণিকভাবে বের হতে গিয়ে যাত্রীদের নানা বাধার মুখোমুখি হতে হয়।

তাই এ পরিস্থিতি মোকাবিলায় বিআরটিএ জানায়, এসি গণপরিবহনে দৃশ্যমান স্থানে ‘জরুরি বহির্গমন (ইমার্জেন্সি ডোর) চিহ্ন থাকতে হবে। সেই সঙ্গে জানালার গ্লাস ভাঙার জন্য এক বা একাধিক উপযুক্ত উপকরণ রাখতে হবে, যাতে দুর্ঘটনার সময় যাত্রীরা দ্রুত বের হতে পারেন।

অন্যদিকে, নন-এসি গণপরিবহনের ক্ষেত্রে জানালায় পর্দা লাগানোর জন্য ব্যবহৃত সমান্তরাল স্টেইনলেস স্টিলের রডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব রড থাকলে দুর্ঘটনার সময় যাত্রীদের বের হওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাই এসব বাসের জানালার মাঝ বরাবর সংযুক্ত স্টিলের রডও অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিআরটিএ কর্তৃপক্ষ বলছে, এসব ব্যবস্থা কার্যকর হলে দুর্ঘটনার সময় যাত্রীদের দ্রুত বের হওয়ার সুযোগ তৈরি হবে এবং জীবন রক্ষার সম্ভাবনা বাড়বে। 

এ ছাড়াও সংস্থাটি সংশ্লিষ্ট মোটরযান মালিক ও চালকদের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে।

--সংগৃহীত ছবি