দীর্ঘদিন পর ফ্যামিলি ড্রামায় মজে থাকতে দেখা গেল বাংলাদেশের দর্শকদের। কিন্তু সেই দর্শকদের জন্য এবার দুঃসংবাদের ব্যাপার হলো, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ এবার সমাপ্তির পথে। ধারাবাহিকটি নিয়ে দর্শকদের উন্মাদনা ব্যাপক হলেও এর একটি পর্ব কার্যত কাঁদিয়েই ছাড়ল সবাইকে। ধারাবাহিকটি যখন শেষ হওয়ার পথে, তার কয়েক পর্ব আগে অর্থাৎ ৪৯ ও ৫০তম পর্ব যেন হৃদয় নাড়িয়েছে দর্শকদের। বিশেষ করে ৪৯তম পর্বে এমন আবেগঘন ঘটনা ঘটে, যাতে দর্শক চোখে আর জল আটকাতে পারেনি।
এই পর্বে সিরিয়ালটির জনপ্রিয় চরিত্র ফাহাদ (ইরফান সাজ্জাদ) ও সামিরের (খায়রুল বাসার) বাবার মৃত্যু দেখানো হয়েছে। আবেগপ্রবণ এই দৃশ্য দেখে অঝোরে কাঁদছেন দর্শক। দর্শকপ্রিয়তার প্রমাণ মেলে এর ভিউয়ের পরিসংখ্যানেও। বুধবার (২৯ এপ্রিল) ইউটিউবে প্রকাশিত ৪৯তম পর্বটি মাত্র এক দিনেই ১ কোটি ভিউ অতিক্রম করেছে। অন্যদিকে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত ৫০তম পর্বটি মাত্র ৫ ঘণ্টার মধ্যেই ৪০ লাখ ৫২ হাজার ৬৯৮ বার দেখা হয়েছে।
হাজার হাজার দর্শক মন্তব্যের ঘরে নিজেদের আবেগের কথা জানিয়েছেন। ইউটিউবের মন্তব্যের ঘরে চোখ রাখলেই দেখা যায় তা। এক দর্শক আবেগপ্রবণ হয়ে লিখেছেন, ‘আব্বা, ভেতরটা কেঁপে উঠল, পৃথিবীর সকল মা-বাবা বেঁচে থাকুক।’ পিতৃহারা আরেক দর্শক নিজের কষ্ট শেয়ার করে লিখেছেন, ‘আমার আব্বু মারা গেছে এক মাস হয়, এই পর্ব দেখে আমার আব্বুর কথা খুব মনে পড়ছে, আব্বু মারা যাওয়ার আগে আমাকে বলেছিল বাবা আজকে রাতে আমাদের সাথে ঘুমাও।
দর্শকদের এই আবেগ ছুঁয়ে গেছে অভিনয়শিল্পীদের প্রশংসায়ও। বিশেষ করে ফাহাদের চরিত্রটি অর্থাৎ ইরফান সাজ্জাদের অভিনয় দাগ কেটেছে সবার মনে। এক দর্শক তাই মন্তব্য করেছেন, ‘ফাহাদের কান্না পুরো জেনারেশনকে কাঁদিয়ে দিল’। নির্মাতার প্রশংসা করে এক দর্শক লিখেছেন, ‘মোস্তফা কামাল রাজ ভাইয়া “আপনি এটা আমাদের গল্পে”র মধ্যেই বাস্তব চিত্র তুলে ধরেছেন।’
একজন মন্তব্য করেছেন, ‘এমন অভিনয় এর আগে দেখিনি, যা দেখে পুরো পর্বজুড়েই কান্না করা যায়।’ আরেক দর্শক লিখেছেন, ‘অভিনয় শিল্পীদের হয়তো চোখের পানি পড়েনি, কিন্তু আমাদের চোখ ঠিকই ভিজেছে।’ ফাহাদ ও সামিরের কান্নায় নিজেদের ধরে রাখতে পারেননি বলে জানিয়েছেন অসংখ্য অনুরাগী।
সিরিয়ালটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা আক্তার মিঠু, নাদের চৌধুরী, শিল্পী সরকার অপু, ডিকন নূর, মাহমুদুল ইসলাম মিঠু, মুকিত জাকারিয়া, এমএনইউ রাজু ও ইসরাত। এই ধারাবাহিকে অভিনয় করা প্রতিটি শিল্পীই ব্যাপক প্রশংসায় ভাসছেন। বিশেষ করে কান্নার দৃশ্যে তাদের বাস্তবমুখী অভিনয় সাধারণ দর্শকের পাশাপাশি সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।
পারিবারিক বন্ধন, ভালোবাসা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে নির্মিত এই নাটকটি শুরু থেকেই দর্শকদের আবেগে ভাসিয়েছে। গত বছরের ৫ নভেম্বর থেকে প্রতি মঙ্গলবার ও বুধবার রাত সাড়ে নয়টায় চ্যানেল আইয়ে প্রচার শুরু হয় নাটকটি। পাশাপাশি সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলেও এটি ব্যাপক দর্শকপ্রিয়তা পায়। মোট ৫২ পর্বে শেষ হতে যাওয়া এই নাটকের সমাপনী পর্বটি হবে একটু বিশেষভাবে। নির্মাতা রাজ জানিয়েছেন, দর্শকদের দীর্ঘদিনের অনুরোধ মাথায় রেখে খুব শিগগিরই শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে।