Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ০১ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

পাহাড়িয়া সম্প্রদায়ের আমলোবান উৎসব: ঐতিহ্য রক্ষায় পূজা, আলোচনা ও সংস্কৃতির মিলন

ছোটন সরদার Amloban festival

নাটোরের লালপুর উপজেলার নওদাপাড়ায় পাহাড়িয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী আমলোবান উৎসব পূজা-অর্চনা, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিনব্যাপী এ আয়োজন করে রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমি।

পাহাড়িয়া জনগোষ্ঠীর চিরায়ত বিশ্বাস ও আচার-অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ অংশ আমলোবান এটি মূলত প্রাকৃতিক শক্তি, পূর্বপুরুষ ও জীবনের মঙ্গল কামনায় পালিত একটি ধর্মীয় ও সামাজিক উৎসব। দিনটির মাধ্যমে তারা নিজেদের সংস্কৃতি, বিশ্বাস ও সামাজিক বন্ধনকে নতুন করে দৃঢ় করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং। প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মো. ফারুকুর রহমান ফয়সল, একাডেমির নির্বাহী সদস্য শেলী প্রসিল্লা বিশ্বাস এবং স্থানীয় গ্রামপ্রধান সুবোধ পাহাড়িয়া।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন একাডেমির উপ-পরিচালক বেঞ্জামিন টুডু। তিনি বলেন, পাহাড়িয়া জনগোষ্ঠীর প্রথাগত পূজা-অর্চনা শুধু ধর্মীয় আচার নয়, এটি তাদের জীবনধারা ও পরিচয়ের অংশ। এই ঐতিহ্য টিকিয়ে রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এর আগে পাহাড়িয়া সম্প্রদায়ের নিজস্ব প্রথায় অতিথিদের বরণ করা হয়। অতিথিরা আমলোবান পূজা-অর্চনা পরিদর্শন করে এ ঐতিহ্যের প্রতি মুগ্ধতা প্রকাশ করেন। তাঁরা বলেন, দেশের বৈচিত্র্যময় সংস্কৃতির ধারক হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই ধরনের আচার-অনুষ্ঠান সংরক্ষণ ও চর্চা করা জরুরি।

আলোচনা শেষে স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পাহাড়িয়া নৃত্য,ও লোকজ পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।

স্থানীয়দের  মতে এ ধরনের উৎসব শুধু সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে না, বরং প্রজন্মান্তরে ঐতিহ্য ও পরিচয়কে সজীব রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news