মহান মে দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে গণসংগীতের আসর বসে। চাঁপাইনবাবগঞ্জ শহরের সাধারণ পাঠাগার প্রাঙ্গণে শুক্রবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা, চাঁপাইনবাবগঞ্জ। এতে বিভিন্ন শ্রেণি-পেশার বিভিন্ন বয়সি মানুষজন অংশ নেয়। এছাড়া অনুষ্ঠানে লালন গান, কবিতা আবৃত্তি, নাচ ও দিবসকেন্দ্রিক আলোচনাও হয়।
সংগঠনের সভাপতি মাসরুফা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন। সহসভাপতি ফারাহ উলফাৎ রহমানের সঞ্চালনায় দিবসকেন্দ্রিক বক্তব্য দেন চিকিৎসক আবু রাকিব। ওস্তাদ আলী হোসেনের নেতৃত্বে গণসংগীত পরিবেশন করেন বিপ্লব কর্মকার, ফারাহ্ উলফাৎ রহমান, মাসরুফা খাতুন, সাবরিন আখতার, রামিজ আহমেদ, উৎস আসেফ, নাফিউল হাসান, মানসুরা খাতুন। লালন গান পরিবেশন করেন চাঁপাই বাউল ভক্তকূলের কাউসার রিপন, আব্দুর রাকিব। তাঁদের সহযোগিতা করেন ওস্তাদ আলী হোসেন ও রাসেল আলী। কবিতা আবৃত্তি করেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা আজিজুর রহমান ও কার্যনির্বাহী সদস্য রাকিবুল হাসান। গণসংগীতের সাথে নাচ পরিবেশন করেন সাধারণ সম্পাদক রামিজ আহমেদ।
বক্তারা বলেন, শ্রমিকদের নায্য অধিকার আদায়ের যে লড়াই-আন্দোলন, তার ফসল মহান মে দিবস। দীর্ঘদিন থেকে লাল পতাকা নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে আসলেও আজও শ্রমিকদের অধিকার সুপ্রতিষ্ঠিত হয়নি। দেশ উন্নয়নের পথে চললেও আজও দেখা যায় কাজের সন্ধানে শ্রমিকদের রাস্তার ধারে অবস্থান। মজুরি বৈষম্য আজও বিদ্যমান। আজও শ্রমিকরা তাঁদের বেতন-বোনাসের দাবিতে আন্দোলন করে আসছে। সেই আন্দোলনে মালিকপক্ষের নির্যাতন, পুলিশের লাঠিপেটাতো আছেই। এ দিবস সফল করতে হলে অবশ্যই শ্রমিকদের নায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তবেই মে দিবসের সফলতা আসবে।