ভালোভাবে খাওয়া-দাওয়া করাকে বেশিরভাগ ক্ষেত্রে একটি জটিল বিষয় হিসেবে দেখা হয়, যেখানে কী রাখতে হবে এবং কী এড়িয়ে চলতে হবে, সে সম্পর্কে অফুরন্ত পরামর্শ দেওয়া হয়। অনেক নারীর জন্য হরমোন, শক্তির মাত্রা এবং সার্বিক সুস্থতা বজায় রাখার ক্ষেত্রে পুষ্টি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রতিদিনের ছোট ছোট খাদ্য নির্বাচন ধীরে ধরে লক্ষণীয় প্রভাব ফেলতে পারে। নারীরা উন্নত হরমোন, ত্বক এবং শক্তির মাত্রার জন্য কী খাবেন এবং কী এড়িয়ে চলবেন, জেনে নিন-
১. হরমোনের ভারসাম্যের জন্য সেরা এবং সবচেয়ে ক্ষতিকর খাবার
মেজাজ, ওজন এবং সার্বিক স্বাস্থ্য নিয়ন্ত্রণের জন্য হরমোনের ভারসাম্য বজায় রাখা অপরিহার্য। ব্রোকলি এবং ফুলকপি শরীর থেকে অতিরিক্ত ইস্ট্রোজেন প্রক্রিয়াজাত করতে এবং বের করে দিতে সাহায্য করে। এটি পিএমএস (PMS)-এর লক্ষণ কমাতে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। এই সবজিগুলো ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টেও সমৃদ্ধ, যা হরমোনজনিত স্বাস্থ্যকে সহায়তা করে। অন্যদিকে, সয়া আইসোলেট দিয়ে তৈরি খাবার যেমন প্রোটিন বার এবং মক মিট (নকল মাংস) সীমিত পরিমাণে খাওয়া উচিত। এগুলো শরীরে ইস্ট্রোজেনের মতো কাজ করতে পারে এবং বেশি পরিমাণে গ্রহণ করলে হরমোনের ভারসাম্য নষ্ট করে।
২. মাসিকের ব্যথা কমানোর জন্য সেরা এবং সবচেয়ে ক্ষতিকর খাবার
কিছু নির্দিষ্ট খাবার মাসিকের সময় অস্বস্তি কমাতে সাহায্য করতে পারে। স্যামন মাছ এবং আখরোট খাওয়ার পরামর্শ দেওয়া হয়, কারণ এগুলো ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ, যা প্রদাহ-বিরোধী গুণের জন্য পরিচিত। খাবারে এগুলো যোগ করলে শরীর আরও স্বাভাবিকভাবে ব্যথা সামলাতে পারে। এগুলো হৃৎপিণ্ড এবং মস্তিষ্কের সার্বিক স্বাস্থ্যের জন্যও সহায়ক। এর বিপরীতে সালামি এবং ডেলি কাটের মতো প্রক্রিয়াজাত মাংস উপসর্গগুলোকে আরও বাড়িয়ে তুলতে পারে। এগুলোর উচ্চ লবণাক্ততার কারণে পেট ফাঁপা বাড়তে পারে, যা মাসিকের ব্যথাকে আরও তীব্র এবং অস্বস্তিকর করে তোলে।
৩. বিকেলের ক্লান্তি দূর করার জন্য সেরা এবং সবচেয়ে ক্ষতিকর খাবার
বিশেষ করে কর্মব্যস্ত দিনগুলোতে, বিকেলের মাঝামাঝি সময়ে ক্লান্তি একটি সাধারণ অভিযোগ। কুমড়ার বীজ এবং বাদাম এক্ষেত্রে উপকারী, কারণ এগুলোতে প্রচুর গনেসিয়াম থাকে, যা শক্তির মাত্রা স্থিতিশীল রাখতে এবং মেজাজের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এগুলো রক্তে শর্করার মাত্রা হঠাৎ না বাড়িয়েই দীর্ঘস্থায়ী পুষ্টি জোগায়। এগুলো চটজলদি নাস্তা হিসেবেও সহজে খাওয়া যায়। অপরদিকে চিনিযুক্ত সিরিয়াল শুধুমাত্র স্বল্পমেয়াদী শক্তি জোগাতে পারে। এ ধরনের খাবার শরীরে শক্তির দ্রুত বৃদ্ধি ঘটায় এবং তারপরেই তা দ্রুত কমে যায়, যার ফলে ক্লান্ত এবং অবসন্নতা দেখা দিতে পারে।
৪. ত্বক পরিষ্কারের জন্য সেরা এবং সবচেয়ে ক্ষতিকর খাবার
আমাদের খাবারের সঙ্গে আমাদের ত্বকের স্বাস্থ্য ঘনিষ্ঠভাবে জড়িত। প্রোবায়োটিক উপাদানযুক্ত খাবার খেতে বলা হয়, যা অন্ত্রের স্বাস্থ্যকে সহায়তা করে এবং ফলস্বরূপ ত্বকের ওপর এর প্রভাব পড়ে। সুস্থ অন্ত্রের সঙ্গে প্রায়শই ব্রণের প্রকোপ হ্রাস এবং ত্বকের গঠন ভালো থাকার সম্পর্ক রয়েছে। নিয়মিত দই খাওয়া ত্বক পরিষ্কার করার দিকে একটি সহজ পদক্ষেপ হতে পারে। অন্যদিকে, ময়দা দিয়ে তৈরি সাদা রুটির মতো পরিশোধিত খাবার বিপরীত প্রভাব ফেলতে পারে। এ ধরনের খাবার ইনসুলিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে, যা ত্বকে অতিরিক্ত তেল উৎপাদন এবং ব্রণের কারণ হতে পারে।
৫. হাড় মজবুত করার জন্য সেরা এবং সবচেয়ে ক্ষতিকর খাবার
বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হাড়ের শক্তি বজায় রাখা ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পালং শাক এবং কেলের মতো পাতাযুক্ত শাকসবজি ভিটামিন কে-তে সমৃদ্ধ, যা ক্যালসিয়ামকে হাড়ের প্রয়োজনীয় স্থানে পৌঁছে দিতে সাহায্য করে। এই খাবারগুলো হাড়ের সার্বিক স্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় খনিজও সরবরাহ করে। দৈনন্দিন খাবারে এগুলো যোগ করলে তা ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তন আনে। অন্যদিকে, ডায়েট সোডা নিয়ন্ত্রণে রাখাই শ্রেয়। নিয়মিত সেবনের ফলে হাড় দুর্বল হয়ে পড়ে, যা দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের জন্য এটিকে অনুপযোগী করে তোলে।