
রাজশাহীতে সাইবার সহিংসতাসহ নারী ও কন্যার প্রতি সকল প্রকার নির্যাতন বন্ধে সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) বিকেল পাঁচটায় নগরের রানী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সভার আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, রাজশাহী জেলা শাখা।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি কল্পনা রায়। এতে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুস্তাফিজুর খান আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাদ, সমাজকর্মী আফজাল হোসেন, আন্দ্রিয়াস বিশ্বাস (আনু), বীর মুক্তিযোদ্ধা সাজাহান আলী বরজাহান এবং সমাজকর্মী আব্দুল লতীফ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল যুগে সাইবার সহিংসতা নতুন মাত্রা যোগ করেছে নারী নির্যাতনের ক্ষেত্রে। অনলাইন হয়রানি, ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত তথ্যের অপব্যবহার থেকে নারী ও কন্যাদের সুরক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনের সমন্বিত উদ্যোগ জরুরি।
বক্তারা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যৌন হয়রানি ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কর্মস্থল, গণপরিবহন ও পাবলিক প্লেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করে হয়রানিমুক্ত পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান তারা।
সভায় নারী-পুরুষ সমতার ভিত্তিতে একটি নিরাপদ ও সহনশীল সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।