Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৩ মে ২০২৬
১২:৫০ অপরাহ্ন

রুয়েটে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ৯ মে, ক্লাস শুরু ১০ মে

রুয়েট প্রতিনিধি: Orientation on May 9, classes start on May 10

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক কোর্সে ভর্তি কার্যক্রম শেষ পর্যায়ে পৌঁছেছে। এ প্রেক্ষিতে নবীন শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ৯ মে অনুষ্ঠিত হবে ওরিয়েন্টেশন এবং ১০ মে থেকে আনুষ্ঠানিকভাবে ক্লাস শুরু হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব আরিফ আহম্মদ চৌধুরী এবং ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকায় ৯ ও ১০ মে-ই চূড়ান্ত তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

উল্লেখ্য, ২০২৫–২৬ শিক্ষাবর্ষে রুয়েটে ভর্তি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ৩ ফেব্রুয়ারি। এর আগে ২ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। এবারের ভর্তি পরীক্ষায় পুরকৌশল, তড়িৎ ও কম্পিউটার কৌশল, যন্ত্রকৌশল এবং স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের অধীনে মোট ১৪টি বিভাগে ১,২৩৫টি আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ রাখা হয়।

গত ২২ জানুয়ারি রুয়েট ও বুয়েট কেন্দ্রে একযোগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট ১৮,২৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫,৫৬৭ জন অংশগ্রহণ করেন। ২৪ জানুয়ারি ফল প্রকাশিত হলে ‘ক’ গ্রুপে ৭,৭০২ জন এবং ‘খ’ গ্রুপে ২৭৪ জন উত্তীর্ণ হন।

পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে ভর্তি কার্যক্রম শুরু হয়। আসন পূরণের লক্ষ্যে মোট পাঁচ ধাপে মেধাতালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হয়। প্রাথমিক নির্বাচনের পর চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, মেধাতালিকা অনুযায়ী অনলাইনে সাবজেক্ট চয়েস ফর্ম পূরণ, প্রয়োজনীয় কাগজপত্র জমা এবং মেডিকেল বোর্ডের অধীনে স্বাস্থ্য পরীক্ষা-এমন দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়েছে শিক্ষার্থীদের।

ভর্তি প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে ‘অটো মাইগ্রেশন’ ব্যবস্থা চালু ছিল। এর মাধ্যমে শূন্য আসন সাপেক্ষে উচ্চতর পছন্দের বিভাগে স্থানান্তরের সুযোগ পেয়েছেন তারা।

ভর্তি সংক্রান্ত নির্দেশনা এবং ওরিয়েন্টেশন ও ক্লাস শুরুর হালনাগাদ তথ্য রুয়েটের অফিসিয়াল ওয়েবসাইট admission.ruet.ac.bd–এ পাওয়া যাবে।

সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ভর্তি প্রক্রিয়া শেষে ৯ মে থেকে নবীন শিক্ষার্থীদের জন্য রুয়েটে শুরু হতে যাচ্ছে নতুন এক অধ্যায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত সময়সূচি ও নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানিয়েছেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news