
নওগাঁর বদলগাছী উপজেলায় গুচ্ছগ্রামের পাশের একটি খালে পড়ে মিনতি পাহান (৪৫) নামে এক ক্ষুদ্র নৃগোষ্ঠীর নারীর মৃত্যু হয়েছে।
নিহত মিনতি পাহান উপজেলার নালুকাবাড়ি গুচ্ছগ্রামের বাসিন্দা ও ভুলু পাহানের স্ত্রী।
স্থানীয়রা জানান, শনিবার (২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মথরাপুর ইউনিয়নের গুচ্ছগ্রামের পাশের খালে হাঁস তুলতে যান মিনতি পাহান। এ সময় খালের মাঝখানে ডুবে থাকা একটি রাস্তা দিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে যান এবং ডুবে নিখোঁজ হন।
তার ছেলে দুর্জয় (১১) মাকে পানিতে ডুবে যেতে দেখে চিৎকার করলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে খোঁজাখুঁজি শুরু করেন। তারা খালে নেমে এবং বেড়জাল ব্যবহার করেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
পরে বিষয়টি বদলগাছী থানায় জানানো হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। রবিবার (৩ মে) সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল সাড়ে ৯টার দিকে মিনতি পাহানের মরদেহ উদ্ধার করে।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।