Template: 1
Tpl 1 Tpl 2 Tpl 3
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক | bijoybangla.news
QR
ই-পেপার / অনলাইন সংস্করণ
Sunday , ০৩ মে ২০২৬ | ০৬:১৭ অপরাহ্ন

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ

অনলাইন ডেস্ক ০৩ মে ২০২৬

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ ও সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। রোববার (৩ মে) দুপুরে শহরের শেখেরভিটা এলাকায় এই অবরোধ কর্মসূচি পালন করেন জলাবদ্ধতার শিকার ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা।

এসময় তারা দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী কমিউটার ট্রেন অবরোধ করেন। এছাড়াও জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করা হয়। এতে চরম ভোগান্তিতে পড়ে  সাধারণ যাত্রীরা।

ভুক্তভোগী এলাকাবাসী জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সামান্য বৃষ্টিতেই পৌর শহরের শেখেরভিটা এলাকায় ভয়াবহ জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে এই এলাকার প্রায় ৩ হাজার পরিবার বছরের ৪ মাস পানিবন্দী অবস্থায় দুর্ভোগে থাকে। তাই তারা জলাবদ্ধতা থেকে দ্রুত নিরসন পেতে এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে ট্রেন এবং সড়ক অবরোধ করেন।  

স্থানীয় বাসিন্দা আমজাদ আলী (৫০) নামে একজন বলেন, আমরা পৌরসভার প্রথম শ্রেণির এলাকায় বসবাস করি। কিন্তু এখানে সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাঘাট ডুবে আমাদের বাড়ি-ঘরের পানি উঠে যায়। এর থেকে মুক্তির জন্য আমরা পৌরসভায় একাধিকবার আবেদন করেছি, মানববন্ধনও করেছি। কিন্তু পৌরসভা আমাদের পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা করে দেয়নি। তাই আজ বাধ্য হয়ে আমরা ট্রেন এবং সড়ক অবরোধ করেছি।

সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, আমাদের রাস্তাঘাটে পানি ওঠার কারণে আমরা স্কুলে যেতে পারছি। পড়াশোনার অনেক ক্ষতি হচ্ছে। শুধু তাই না, রাতের বেলা ঘুমাতে গেলেও ভয় করে। বিছানায় সাপ উঠে থাকে।

অবরোধে আটকে পড়া এক ট্রেনযাত্রী সিরাজ উদ্দিন (৪৮) বলেন, এলাকাবাসীর পানি নিয়ে সমস্যা তারা পৌরসভার সামনে গিয়ে অবরোধ করবে, আমরা কি দোষ করেছি। আমি জরুরি কাজে ঢাকা যাচ্ছি, কিন্তু এখন এখানে আটকা পড়ছি। এই অবরোধ কখন ছাড়বে তাও জানি না। এটা আমাদের জন্য অনেক বড় ভোগান্তি।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শেখেরভিটা এলাকার লোকজন জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ এবং সড়ক অবরোধ করেছে। এই খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি এবং এখানে পৌরসভার কর্মকর্তারা ছিলেন। তারা স্থানীয়দের জলাবদ্ধ নিরাশনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।


--সংগৃহীত ছবি