
হামের টিকা কেন কিছু শিশুকে দেওয়া হয়নি, সেই বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, এ ঘটনায় সরকারের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তবে কোথায় ঘাটতি হয়েছে তা নির্ধারণে তদন্ত করা হবে।
মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কখনোই শিশু মৃত্যুর মতো কোনো ঘটনা ঘটাতে চায় না। তবে কেন কিছু ক্ষেত্রে টিকা দেওয়া হয়নি, তা খুঁজে বের করা জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শুরু হবে।
তিনি আরও বলেন, সরকারের চলমান টিকাদান কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এখন পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রায় ১ কোটি ৬১ লাখ শিশু হামের টিকা পেয়েছে, যা মোট লক্ষ্যমাত্রার ৮৯ শতাংশ।
সরকার আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যেই শতভাগ শিশুকে টিকার আওতায় আনা সম্ভব হবে।