বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাজশাহী মহানগর শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে রাজশাহী জেলা পরিষদের প্রশাসক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)-কে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে।
মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৭ টায় জেলা পরিষদ প্রশাসকের নিজ বাসভবনের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক মো. রাকিন রাইহান রবীন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. খালিদ বিন ওয়ালিদ আবির এবং সদস্য সচিব মো. ইমদাদুল হক লিমন। এছাড়াও যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মান্নাত ও সাব্বির আহমেদ অন্তর উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ প্রশাসকের সফলতা কামনা করেন এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কার্যক্রমে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পরে প্রশাসক মহোদয় ছাত্রদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করান।
এ সময় প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা) বলেন, “তরুণরাই দেশের আগামীর নেতৃত্ব দেবে। ছাত্ররাজনীতি হতে হবে দেশপ্রেম, শৃঙ্খলা ও জনকল্যাণমুখী। আমি আশা করি, নবগঠিত এ কমিটি রাজশাহীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে রাজশাহীর উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।”
তিনি নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে তাদের সাংগঠনিক কার্যক্রমের সফলতা কামনা করেন।