Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ মে ২০২৬
০৬:৩৭ অপরাহ্ন

জাবিতে ‘লাইভ বাস ট্র্যাকিং’ সেবা চালু করল ছাত্রদল

অনলাইন ডেস্ক Chhatra Dal launches service

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সময়োপযোগী করতে ‘লাইভ বাস ট্র্যাকিং সিস্টেম’ চালু করেছে ছাত্রদল। বৃহস্পতিবার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর সংলগ্ন রাস্তায় এই সেবার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান।

প্রাথমিকভাবে পাইলট প্রকল্প হিসেবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে ক্যাম্পাসের সব বাসে এই সুবিধা যুক্ত করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। এই সিস্টেমের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের স্মার্টফোনেই বাসের তাৎক্ষণিক অবস্থান (লাইভ লোকেশন) দেখতে পারবেন। এছাড়া বাস নির্দিষ্ট স্টপেজে পৌঁছানোর আনুমানিক সময় এবং কোনো কারণে দেরি হলে নোটিফিকেশনের সুবিধাও থাকছে এতে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং সময় ব্যবস্থাপনা আরও সহজ হবে।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের যাতায়াতজনিত ভোগান্তি কমাতে এ ধরনের প্রযুক্তিনির্ভর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। মূলত এ ধরনের সেবা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হলেও শিক্ষার্থীদের স্বার্থে ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে, তা অবশ্যই প্রশংসনীয়। প্রশাসনের পক্ষ থেকে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।

জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, পরীক্ষামূলকভাবে দুটি বাসে কাজ শুরু হলেও খুব দ্রুত সব বাসে এটি যুক্ত করা হবে। শিক্ষার্থীরা যেন যাতায়াতে স্বাচ্ছন্দ্য বোধ করে, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এবং শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news