Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৭ মে ২০২৬
০৬:৫৮ অপরাহ্ন

রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:-

রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয় রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে নগর ভবনের মিনি কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় রাসিক প্রশাসক রাজশাহীর উন্নয়নে আরইউজে’র সহযোগিতা কামনা করেন। আরইউজে’র নেতৃবৃন্দ রাজশাহীর সার্বিক উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় আরইউজে’র নেতৃবৃন্দ নগরীর উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন,ফুটপাত দখলমুক্তকরণ, ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত তুলে ধরেন। এ সময় রাসিক প্রশাসক নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং পর্যায়ক্রমে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

সভায় রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আস্থা ও বিশ্বাসের সাথে আমাকে দায়িত্ব প্রদান করেছেন। আমি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যেতে চাই। নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে আমার প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা পরিবর্তন আনতে চাই, দেশকে সামনের দিকে এগিয়ে নিতে চাই এবং রাজশাহীকে আরও সুন্দর, সবুজ, স্বাস্থ্যকর নগরীতে রূপ দিতে চাই। আমি রাজশাহীর মানুষের জন্য কিছু করে যেতে চাই। এ কাজে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ। উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার চিত্র গণমাধ্যমের মাধ্যমেই উঠে আসে। তাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রাজশাহীর ইতিবাচক অগ্রযাত্রায় সাংবাদিক সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক নয়া দিগন্তের রাজশাহী ব্যুরো প্রধান মুহাঃ আব্দুল আউয়াল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপন, আরইউজে‘র সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের রাজশাহীর ব্যুরো প্রধান ডালিম হোসেন শান্ত, সহ-সভাপতি ও দৈনিক আমার দেশের রাজশাহীর ব্যুরো প্রধান মো. মঈন উদ্দিন, দৈনিক দিনকাল পত্রিকার রাজশাহী ব্যুরো প্রধান আব্দুস সবুর, দৈনিক রাজশাহী সংবাদের সম্পাদক আহসান হাবীব অপু, দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, আরইউজে‘র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক আশিকুর রহমান, দৈনিক কালবেলার ব্যুরো প্রধান মাহবুব হুসাইন প্রমুখ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news