Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
০৯ মে ২০২৬
০৩:৪৮ অপরাহ্ন

৫ মন্ত্রী নিয়ে পশ্চিমবঙ্গে যাত্রা শুরু করলেন শুভেন্দু

বিজয়বাংলা আন্তর্জাতিক ডেক্স :

ভারতের পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের নতুন অধ্যায়ের সূচনা হলো। শনিবার (৯ মে) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। একইসঙ্গে পাঁচ সদস্যের একটি মন্ত্রিসভা নিয়েও আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে তার সরকার।

শুভেন্দুর মন্ত্রিসভায় স্থান পেয়েছেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। রাজ্যের প্রশাসনিক দায়িত্ব পালনে তারা বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বিজেপির শীর্ষ পর্যায়ের নেতারা। তাদের উপস্থিতিতে নতুন মন্ত্রিসভার সদস্যরাও শপথ নেন।

এই জয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠন করল বিজেপি। দীর্ঘদিন ধরে রাজ্যটির রাজনীতি আবর্তিত হয়েছে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসকে ঘিরে। একসময় টানা বাম শাসনের পর প্রায় দেড় দশক রাজ্য পরিচালনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই ধারায় পরিবর্তন এনে ক্ষমতায় এলো বিজেপি।

রাজনীতির অঙ্গনে শুভেন্দু অধিকারীর উত্থানও বেশ আলোচিত। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত এই নেতা এখন নিজেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করলেন। ফলে রাজ্যের রাজনৈতিক বাস্তবতায় তৈরি হয়েছে নতুন সমীকরণ।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news