মানুষের পাপাচার ও অবিচার আল্লাহর নেয়ামত এবং বরকত হারানোর প্রধান কারণ বলে মন্তব্য করেছেন মসজিদে নববীর ইমাম ও খতিব শায়খ আলী আল হুজায়ফি। শুক্রবার (৮ মে) পবিত্র মদিনার মসজিদে নববীতে জুমার খুতবায় তিনি এ মন্তব্য করেন।
সৌদি বার্তা সংস্থা এসপিএ জানিয়েছে, আলী আল হুজায়ফি বলেন, নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ঈমানের অন্যতম অনুষঙ্গ এবং ইবাদত পালনের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, জীবনের নিরাপত্তা ও স্থায়িত্ব ছাড়া ধর্মীয় আচার বা স্বাভাবিক জীবনযাত্রা—কোনোটাই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব নয়। মানুষের জীবন, সম্পদ ও সম্মান রক্ষা করা ইসলামের মৌলিক শিক্ষার অংশ।
খুতবায় শায়খ আলী আল হুজায়ফি বলেন, ইসলামী শরিয়ত আত্মিক ও শারীরিক নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহান আল্লাহ পবিত্র মক্কা ও মদিনা সফরকারী জিয়ারতকারী ও হজযাত্রীদের হৃদয়ে যে প্রশান্তি দান করেন, তা এক বিশেষ খোদায়ী নেয়ামত। এই প্রশান্তির কারণেই তারা একাগ্রতার সাথে নামাজ ও হজ পালন করতে সক্ষম হন।
মসজিদে নববীর খতিব আরও বলেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা জরুরি। কারণ মানুষের পাপাচার ও অবিচারই হচ্ছে নেয়ামত এবং বরকত হারানোর প্রধান কারণ। তাই তিনি উপস্থিত মুসল্লিদের নিয়মিত নেক আমলের মাধ্যমে পরকালীন পাথেয় সংগ্রহের আহ্বান জানান।
খুতবার শেষ অংশে তিনি হজযাত্রীদের উদ্দেশ্যে বলেন, নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা সবার দায়িত্ব। এই পবিত্র ভূমি আল্লাহ তাআলা সবার জন্য নিরাপদ করেছেন, তাই এর পবিত্রতা রক্ষা করে ইবাদতে মশগুল থাকাই মুমিনের কাজ।