Template: 3
Tpl 1 Tpl 2 Tpl 3
অনলাইন ডেস্ক | ১০ মে ২০২৬
bijoybangla.news
logo
বিজয় বাংলা নিউজ
জাতীয় দৈনিক

বিএসসিতে সচিবের মুখোমুখি কর্মকর্তা-কর্মচারীরা!

অনলাইন ডেস্ক Face to face officials and employees!

বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) সচিব আবু সাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলামের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে নৌপরিবহন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন সংস্থাটির একদল কর্মকর্তা-কর্মচারী। 

অভিযোগে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব বরাবর জমা দেওয়া অভিযোগপত্রে বিএসসির কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে মো. আসাদুজ্জামান তালুকদার (ছদ্মনাম) নামে এক কর্মকর্তা সই করেন। ঢাকা পোস্টের প্রতিবেদক ওই কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। 

তারা অভিযোগে সচিবের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, সরকারি ক্রয়বিধি লঙ্ঘন, ঘুষ গ্রহণ এবং আর্থিক অনিয়মের একাধিক অভিযোগ আনেন। 

একইসঙ্গে তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও আনা হয়।

নৌ পরিবহন মন্ত্রণালয়ে দেওয়া অভিযোগে বলা হয়, আবু সাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম বিএসসির মহাব্যবস্থাপক (প্রশাসন) থাকাকালে খুলনায় বিএসসির কেডিএ এভিনিউয়ের ১১ দশমিক ৭৩ কাঠা জমি নামমাত্র মূল্যে একটি বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন। একইসঙ্গে ভাড়া বাবদ অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়। এছাড়া খুলনার বয়রায় বিএসসির আরও একটি জমি অসৎ উদ্দেশ্যে ভাড়া দেওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

অভিযোগকারীদের দাবি, বিএসসির কৈবল্যধামের জমি ও কক্সবাজারের সম্পত্তি অবৈধ দখল থেকে রক্ষায় কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। 

তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট দখলদারদের কাছ থেকে সুবিধা নেওয়ার কারণেই এসব বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বিভিন্ন কাজ সম্পাদনের ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি-পিপিআর অনুসরণ না করে মৌখিক নির্দেশে কাজ দেওয়া হতো। ‘প্রাইড এন্টারপ্রাইজ’ ও ‘স্মার্ট টেইলার্স’ নামের দুটি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। নিম্নমানের পণ্য সরবরাহের বিনিময়ে কমিশন নেওয়া এবং বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিল ছাড়ে ঘুষ দাবির অভিযোগও রয়েছে।

এছাড়া আবু সাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম প্রাধিকার না থাকা সত্ত্বেও দুটি গাড়ি সার্বক্ষণিক ব্যবহার এবং অতিরিক্ত জ্বালানি ব্যয়ের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছে। বর্তমানে সচিব হিসেবে দায়িত্ব পালনকালে ঢাকা সফরের নামে ৩০ লাখ টাকার ট্যুর বিল, ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ সমন্বয় এবং কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফর ও সুযোগ-সুবিধা দেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগও তোলা হয়েছে।

অভিযোগের বিষয়ে বিএসসির সচিব আবু সাফায়াৎ মুহাম্মদ শাহে দুল ইসলাম বলেন, অভিযোগের বিষয়ে আমি এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানি না। অফিস থেকে এ বিষয়ে খোঁজ নেওয়া যেতে পারে। আমি সংস্থার আইনগত ও প্রশাসনিক দায়িত্বের মধ্যেই কাজ করছি। সংস্থার প্রয়োজনে বিভিন্ন দপ্তর ও আদালতে যেতে হয়।

এ বিষয়ে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, অভিযোগের কপি এখনো হাতে পাইনি। অভিযোগগুলো দেখার পর বিস্তারিত মন্তব্য করা সম্ভব হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news