
নাটোরের লালপুর উপজেলার গ্রিনভ্যালি পার্কে ঘুরতে এসে দুই বিদেশি পর্যটক টিকটকারদের হেনস্তার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে।
রোববার (১০ মে) লালপুর থানা পুলিশ তাদের আটক করে। এর আগে শুক্রবার (৮ মে) দুপুরে গ্রিনভ্যালি পার্কে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি এলাকার আমিনুল ইসলাম (২৯) এবং তানোর উপজেলার আড়াদিঘি এলাকার রাসেল ইসলাম (২৩)।
পুলিশ জানায়, “টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬” ব্যানারে পার্কে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এতে প্রায় ১০০ থেকে ১২০ জন নারী-পুরুষ অংশ নেন। দুপুরের দিকে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিক পার্কে প্রবেশ করলে ১০-১৫ জন টিকটকার তাদের ঘিরে ধরে বিভিন্ন প্রশ্ন করতে থাকে এবং ভিডিও ধারণ করে। এ সময় কয়েকজন অশোভন আচরণ ও আপত্তিকর ভাষা ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমান ও অন্যান্য কর্মচারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে পরদিন শনিবার (৯ মে) সকালে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে বিদেশি পর্যটকদের বিব্রত ও অস্বস্তিতে পড়তে দেখা যায়।
গ্রিনভ্যালি পার্কের পরিচালক (প্রশাসন) এস এম শামসুজ্জোহা বলেন, “গত আট বছরে এখানে এমন ঘটনা ঘটেনি। এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করা হবে এবং গেটে সতর্কতামূলক ঘোষণা দেওয়া হবে।”
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, পার্ক কর্তৃপক্ষের দায়ের করা মামলায় সাইবার সুরক্ষা আইন-২০২৬ এর ২৫(২)/২৭ ধারায় মামলা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।