
গাইবান্ধার সাদুল্লাপুরে ধান মাড়াইয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) দুপুরের দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম।
৪৫ বছর বয়সী নিহত জাফর প্রামাণিক ওই এলাকার মৃত হায়দার প্রামাণিকের ছেলে। তিনি খোর্দ্দকোমরপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজের বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করতে যান জাফর। এ সময় ধান মাড়াইয়ের যন্ত্রের সাথে বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বলেন, আমরাও খবর পেয়েছি। আমরা পথিমধ্যে আছি, ওই বাড়িতে যাচ্ছি।