
নিরাপদ কর্মপরিবেশ, আত্মসম্মান ও পেশাগত অধিকার নিশ্চিতের দাবিতে রাজশাহীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছেন ঔষধ কোম্পানির প্রতিনিধিরা। সোমবার (১১ মে) সকাল ১১টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজশাহী জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত মানববন্ধনে প্রায় দুই শতাধিক প্রতিনিধি অংশ নেন। কর্মসূচিতে বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা দীর্ঘদিন ধরে অনিরাপদ কর্মপরিবেশ, অতিরিক্ত কর্মঘণ্টা ও চাকরির অনিশ্চয়তার মধ্যে কাজ করছেন। অথচ দেশের স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তাঁদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হচ্ছে না।
মানববন্ধনে বক্তব্য দেন ফারিয়া রাজশাহী মহানগর শাখার সভাপতি মো. সামস উদ্দীন আহমেদ নয়ন, সহসভাপতি গোলাম সারোয়ার অপু, সাধারণ সম্পাদক মাসুদ আলম নয়ন, রাজশাহী জেলার নেতা মো. খাইরুল ইসলাম, জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস এবং মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা।
বক্তারা বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন ও টিএ-ডিএ বৃদ্ধি, কাজের নির্দিষ্ট সময় নির্ধারণ, চাকরির নিরাপত্তা নিশ্চিত এবং সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দাবি জানান। পাশাপাশি সরকারিভাবে ফারিয়াকে স্বীকৃতি প্রদান, প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির নীতিমালা চালুরও দাবি তোলেন তাঁরা।
কর্মসূচি শেষে দ্রুত দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন সংগঠনের নেতারা।