Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১১ মে ২০২৬
০৪:৩৩ অপরাহ্ন

বদলগাছীতে প্রচণ্ড দাবদাহে তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

প্রতিনিধি, বদলগাছী (নওগাঁ): Food, saline distribution and tree plantation program

অগ্নিঝরা বৈশাখের তীব্র দাবদাহ উপেক্ষা করে মাঠে চলছে বোরো ধান কাটার ব্যস্ততা। প্রখর রোদে ঘাম ঝরিয়ে ফসল ঘরে তুলতে নিরলস পরিশ্রম করছেন কৃষক ও কৃষিশ্রমিকরা। এমন পরিস্থিতিতে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের নিরলি-বনগ্রাম মাঠ এলাকায় তৃষ্ণার্ত কৃষকদের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ মে) দুপুরে কোলা ইউনিয়ন ফোরামের উদ্যোগে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রায় শতাধিক খেটে খাওয়া প্রান্তিক কৃষকের মাঝে খাবার স্যালাইন, রুটি ও ঠান্ডা পানি বিতরণ করেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু।

এসময় উপস্থিত ছিলেন কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর ইসলাম, বিএনপি নেতা আসিক ইকবাল অথেলো, সাইদুল ইসলাম পিন্টু, হাসু, ছাত্রদলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কোলা ইউনিয়ন উন্নয়ন ফোরামের সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে রাস্তার পাশে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা জানান, তীব্র গরমে মাঠে কাজ করা কৃষকেরা নানা ধরনের শারীরিক সমস্যার মুখোমুখি হন। তাদের কষ্ট কিছুটা লাঘব এবং পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেই এ ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

স্থানীয় কৃষক ফজলু বলেন, এলা খুবই ভালো কাম। বেশি রোদের বেলাত মাঠে কাম করতে হামাকে মালা কষ্ট হয়। হামাকোক এ সময় রুটি, স্যালাইন ও ঠান্ডা পানি দিয়ে অনেক উপকার করলো। সবাই যদি এভাবে পাশে দাঁড়ায়, তালে মাঠে কাম করা মানুষের অনেক উপকার হবে।

উপজেলা বিএনপির সহ-সভাপতি রেজাউল নবী সান্ডু বলেন, খেটে খাওয়া কৃষকরাই দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই তীব্র গরমে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পাশাপাশি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

জিয়া সাইবার ফোর্সের নেতা ইবনে নুর নয়ন বলেন, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি কৃষিনির্ভর। যারা মাঠে শ্রম দিয়ে ফসল ফলান, তারাই প্রকৃত দেশপ্রেমিক। তাদের ঘাম ও পরিশ্রমেই দেশের অর্থনীতি সচল থাকে। সমাজের বিত্তবান ও সচেতন মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news