Template: 2
Tpl 1 Tpl 2 Tpl 3
logo
বিজয় বাংলা নিউজ
bijoybangla.news
১২ মে ২০২৬
০৪:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে যুবককে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

জেসিকা শেখ , জেলা প্রতিনিধি :

রাজশাহী মহানগরীর মতিহার থানা এলাকায় এক যুবককে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মতিহার থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, বাজে কাজলা এলাকার মুহিন (১৮) এবং ধরমপুর দক্ষিণপাড়া এলাকার আলী হাসান মো. মুজাহিদ (২২)। তারা দুজনই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে রাত প্রায় ৯টার দিকে হৃদয় নামের এক যুবকসহ কয়েকজন তুষার নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তার খোঁজ করেন। এ সময় তুষারের বাবা জানান, তিনি বাড়িতে নেই। পরে কেন তুষারকে খোঁজা হচ্ছে জানতে চাইলে অভিযুক্তরা বিষয়টি পরে বুঝতে পারবেন বলে জানায় এবং এ বিষয়ে কাউকে সুপারিশ না করার জন্য হুমকি দেয়।

এরপর ১০ মে সকাল আনুমানিক ১০টার দিকে তুষার নিজেই হৃদয়ের বাড়িতে গিয়ে তাকে খোঁজার কারণ জানতে চান। সেখানে উপস্থিত কয়েকজন তাকে ঘিরে ধরে মারধর শুরু করে। একপর্যায়ে তুষারকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ ওঠে।

পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মো. নাজির আলী বাদী হয়ে মতিহার থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৩ থেকে ৪ জনকে আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেন। নামীয় আসামিরা হলেন শামীম (৫৫), হৃদয় (২২), আশিক (২২), মুহিন (১৮) ও আলী হাসান মো. মুজাহিদ (২২)।

অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে অভিযান চালিয়ে মামলার ৪ ও ৫ নম্বর আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

মতিহার থানা পুলিশ জানায়, গ্রেপ্তার দুই আসামিকে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

© বিজয় বাংলা নিউজ
bijoybangla.news