
রাজশাহীর গোদাগাড়ীতে রাষ্ট্রে জনগণের অধিকার ও কর্তব্য নিশ্চিত করার লক্ষ্যে তথ্য অধিকার আইনের সুষ্ঠু বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেন, সঠিক তথ্যের অভাবেই নারীসমাজ, আদিবাসী, দলিত ও পিছিয়ে পড়া বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়ন কাক্সিক্ষত মাত্রায় পৌঁছাতে পারছে না। এই সমস্যা উত্তরণে গণগবেষণার মাধ্যমে স্থানীয় জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা অপরিহার্য।
মঙ্গলবার (১২ মে),রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর উদ্যোগে গোদাগাড়ী উপজেলা বিআরডিবি কনফারেন্স রুমে ‘গণগবেষণা ও তথ্য অধিকারের চর্চা’ বিষয়ক তিন দিনব্যাপী (১২-১৪ মে) এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন হয়। রিইব-এর মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিত্বে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি গণেশ মার্ডি।
বিশেষ অতিথি ছিলেন দিঘরী রাজা পরিষদের উপদেষ্টা সুধীর চন্দ্র ওরাওঁ এবং সমাজকর্মী সামিউল বাসির।প্রধান অতিথির বক্তব্যে গণেশ মার্ডি বলেন, "উন্নয়নের জন্য প্রথমে নিজেদের সজাগ ও সোচ্চার হতে হবে। রিইব আপনাদের সেই সচেতন হওয়ার শিক্ষাই দিচ্ছে।
বক্তারা বলেন প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, "এই প্রশিক্ষণ থেকে অর্জিত শিক্ষা কেবল নিজের মধ্যে রাখলে চলবে না, তা বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। তবেই সমাজ অগ্রগতির দিকে এগিয়ে যাবে।"
সভাপতির বক্তব্যে বাবুল চন্দ্র সূত্রধর বলেন, "আমরা যদি নিজের অধিকার বিষয়ে সচেতন হই, তবে কেউ কাউকে ঠকাতে পারবে না। এভাবেই একটি বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।"শ্রীমতি সুধা টপ্প্যর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এনিমেটর লিপি টুডু ও নৃপেন্দ্রনাথ মাঝি। কর্মশালায় পাকড়ী ইউনিয়নের মাহাতো, রিশিকুল ইউনিয়নের মূলধারার জনগোষ্ঠী, মাটিকাটা ইউনিয়নের ওরাওঁ এবং দেওপাড়া ইউনিয়নের সাঁওতাল জনগোষ্ঠীর ৩০ জন নারী-পুরুষ অংশগ্রহণ করছেন।