চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, মেধাবীরা যখন মানবিক হন তখন সমাজ ও রাষ্ট্র সবচেয়ে বেশি উপকৃত হয়। মানবিকতা ছাড়া মানুষের শ্রেষ্ঠত্বের কোনো মূল্য নেই বলেও মন্তব্য করেন তিনি।
সোমবার (১২ মে) আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল নার্সিং ইনস্টিটিউট ও নার্সিং কলেজের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও শিরাবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, অসুস্থ মানুষ দিয়ে সুস্থ সমাজ গঠন সম্ভব নয়। তাই চিকিৎসক ও নার্সদের মানবিক সেবা একটি সুন্দর সমাজ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রোগীদের শারীরিক চিকিৎসার পাশাপাশি মানসিক সাহস জোগাতেও নার্সদের ভূমিকা রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
নার্সিং পেশাকে মহৎ ও মানবিক পেশা আখ্যা দিয়ে তিনি বলেন, সরকারি হাসপাতালে আসা অধিকাংশ মানুষই অসহায়। তাদের পাশে দাঁড়ানো শুধু পেশাগত দায়িত্ব নয়, মানবিক দায়িত্বও।
অনুষ্ঠানের আগে জেলা প্রশাসক হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন এবং রোগীদের সঙ্গে কথা বলেন। ক্যান্সার ইনস্টিটিউটে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। অটিজম ইউনিট পরিদর্শনকালে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সংখ্যা বাড়ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনসহ অন্যরা। এর আগে দিবসটি উপলক্ষ্যে হাসপাতাল ক্যাম্পাসে র্যালি অনুষ্ঠিত হয়।