রাজশাহীর পবা উপজেলায় খামারিদের দক্ষতা বৃদ্ধি ও আধুনিক প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বাড়াতে দিনব্যাপী “গবাদিপ্রাণী-পোল্ট্রি রোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা প্রশিক্ষণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রান্তিক পর্যায়ের পশুপালনকারী নারী-পুরুষ ও স্থানীয় খামারিরা অংশ নেন।
শনিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলা কৃষি অফিসের সভাকক্ষে আরসিসি পুকুরিয়া হোপ, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের বাস্তবায়নে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সহযোগিতা করে বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস) ও কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেড। কর্মশালার আয়োজন করে আঞ্চলিক উন্নয়ন সংস্থা ও পাওয়ারফুল এগ্রোভেট বাংলাদেশ।
প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন পবা উপজেলা নির্বাহী অফিসার মো. ইবনুল আবেদীন। তিনি বলেন, গবাদিপ্রাণীর রোগ প্রতিরোধ ও নিরাপদ প্রাণিজ খাদ্য উৎপাদনে দক্ষতা অর্জন অত্যন্ত জরুরি। প্রাণিচিকিৎসকদের পরামর্শ অনুসরণ করে খামারিরা তাদের উৎপাদন বাড়াতে পারবেন এবং আয়বর্ধক কার্যক্রমে যুক্ত হয়ে নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও টেকসই প্রাণিসম্পদ উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ লাইভস্টক সোসাইটি (বিএলএস)-এর সাধারণ সম্পাদক রোটারিয়ান ড. মো. হেমায়েতুল ইসলাম আরিফ। তিনি বলেন, “প্রাণী ও মানুষের স্বাস্থ্য একে অপরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। সুস্থ প্রাণিসম্পদই নিরাপদ খাদ্য নিশ্চিত করে। প্রান্তিক খামারিদের দক্ষতা বাড়াতে এবং নতুন উদ্যোক্তা তৈরিতে এ ধরনের প্রশিক্ষণের বিকল্প নেই।” তিনি ‘এক স্বাস্থ্য’ ধারণা বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের ডা. রাকিব হাসান, রিজিওনাল সেলস ম্যানেজার মশিউর রহমান, পোল্ট্রি অ্যাসোসিয়েশন রাজশাহীর সাধারণ সম্পাদক মো. এনামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (এসএএলও) আব্দুস সালাম, রোটারি ক্লাব অব রাজশাহী সেন্ট্রালের সাধারণ সম্পাদক রোটারিয়ান প্রকৌশলী মো: শরিফুল হক, পাওয়ারফুল এগ্রোভেট বাংলাদেশের চেয়ারম্যান মোসা. সেলিনা বেগম, বস্তি উন্নয়ন ও কর্মসংস্থানের পরিচালক হাসিনুর রহমান, মোগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান সরকার (দুলাল) এবং সোনার দেশ পত্রিকার স্টাফ রিপোর্টার জাহিদ হাসান পলাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক উন্নয়ন সংস্থার পরিচালক ইউসুফ আলী চৌধুরী।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী খামারিদের গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, টিকাদান, রোগ প্রতিরোধ কৌশল এবং আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়। এ ধরনের সময়োপযোগী প্রশিক্ষণ পেয়ে অংশগ্রহণকারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও এমন আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।